Published : 17 Jul 2025, 12:52 AM
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার ঘটনাকে মানবাধিকারের ‘লজ্জাজনক লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে অন্তর্বর্তী সরকার।
বুধবার অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয়, “এ জঘন্য হামলায় জড়িত কেউই শাস্তির বাইরে থাকবে না, যা কিনা নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা করেছেন বলে অভিযোগ উঠেছে।”
অন্তর্বর্তী সরকার বলছে, “আজ গোপালগঞ্জে যে সহিংসতা হয়েছে, তা একেবারের অগ্রহণযোগ্য।
“বিপ্লবী জুলাই আন্দোলনের বছরপূর্তিতে তরুণ নাগরিকদের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনাটি মানবাধিকারের লজ্জাজনক লঙ্ঘন।”
অন্তর্বর্তী সরকার বলছে, “জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের লক্ষ্য করে নৃশংস হামলা চালানো হয়। তাদের গাড়ি ভাঙচুর করার পাশাপাশি অনেকের ওপর সহিংস আক্রমণ হয়।”
বিবৃতিতে বলা হয়, “অপরাধীদের দ্রুত শনাক্ত করে জবাবদিহির আওতায় আনতে হবে। দেশের যেকোনো নাগরিকের বিরুদ্ধে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই।
সেনাবাহিনী ও পুলিশের ভূমিকার প্রশংসা করেছে অন্তর্বর্তী সরকার।
বিবৃতিতে বলা হয়, “আমরা সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপের প্রশংসা করি। এছাড়া হামলা সত্ত্বেও আমরা সেই সব শিক্ষার্থী ও মানুষের সাহস আর দৃঢ়তার প্রশংসা করি, যারা এমন নৃশংস হামলার পরও সমাবেশ অব্যাহত রেখেছেন।
“এই নৃশংস হামলায় জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে। এটা স্পষ্ট করে বলতেই হয়— এ দেশে সহিংসতার কোনো স্থান নেই; ন্যায়বিচারের জয় হবেই হবে।”