Published : 18 Feb 2026, 12:37 AM
অন্তর্বর্তী সরকারের সময় করা আন্তর্জাতিক চুক্তি নিয়ে প্রশ্ন তুলে এর সঙ্গে জড়িতদের দাবি করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব আনু মুহাম্মদ।
নতুন সরকারের শপথের দিন মঙ্গলবার ফেইসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, “নির্বাচিত সরকারকে উদ্দেশ্য করে আমরা বলেছিলাম, অনিয়ম-দুর্নীতি ছাড়াও তাড়াহুড়া করে অস্বচ্ছতা ও গোপনীয়তায়, জনসম্মতির বিরুদ্ধে গিয়ে দেশকে বিপদে ফেলে দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক চুক্তি করার পেছনে অন্তর্বর্তী সরকারের যারা জড়িত, তদন্তের স্বার্থে তাদের কাউকে দেশত্যাগ করতে দেওয়া যাবে না। কারণ তাদের বিচার করতে হবে।”
তিনি বলেন, “জনগণের জানার অধিকার আছে, কারা বাংলাদেশকে দীর্ঘমেয়াদি অধীনতার চুক্তির মধ্যে ফেলেছে? কেন ইউনুস সাহেব উপদেষ্টা আর বিশেষ সহকারীর মুখোশ পরিয়ে বিদেশি কোম্পানির লবিস্ট এবং/অথবা অন্য রাষ্ট্রের চরদের সরকারে ঢুকিয়েছিলেন?”
নতুন সরকারের মন্ত্রিসভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের যোগ দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আনু মুহাম্মদ বলেন, “তারেক সাহেব এরকম একজনকে দেশত্যাগ করতে দিলেন না ঠিকই; কিন্তু তদন্ত ও বিচারের বদলে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মাথায় বসিয়ে দিলেন, কেন?”