Published : 30 Mar 2026, 04:54 PM
জুলাই আন্দোলনের এক হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে ছয় দিনের রিমান্ডে পেয়েছে ডিবি পুলিশ।
ঢাকার মহানগর হাকিম হাসিব উল্লাহ পিয়াস সোমবার শুনানি নিয়ে এ আদেশ দেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
এর আগে রোববার গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে ওমর ফারুক ফারুকী এ আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামির পক্ষে আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ড আবেদন বাতিল করে জামিন চান। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ডের আদেশ দেয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগের ৫০০-৭০০ নেতাকর্মী। এসময় শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালানো হয়।
তাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
ডিজিএফআই’য়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকেও এ মামলায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত ২৫ মার্চ গভীররাতে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পরদিন তাকে পাঁচ দিনের রিমান্ডে পায় ডিবি পুলিশ।
এর আগে ২৩ মার্চ গভীররাতে সাবেক সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আলোচিত সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত তিন তারকা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
পরে পল্টন থানার একটি মানব পাচার মামলায় আদালতে হাজির করে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। এ মামলায় রোববার তাকে আরও ছয়দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
তাকে একটি দুর্নীতি মামলাতেও গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে দুদক। এছাড়া তার সম্পদের তথ্য তলবের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মধ্যে রোববার মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদকে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় গ্রেপ্তার দেখাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আবেদন করেছে প্রসিকিউশন।
গোয়েন্দা পুলিশের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অবসরপ্রাপ্ত দুই সেনাকর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদের দেওয়া তথ্যে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। ১৯৮৪ সালের ৪ জুলাই তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন।
এর মধ্যে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়া, শেখ হাসিনাসহ দেশের অনেক রাজনীতিক ও ব্যবসায়ীকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও সে সময় গ্রেপ্তার করা হয় এবং বন্দি অবস্থায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।
বন্দি অবস্থায় বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুর ওপরও সে সময় নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।
আরও পড়ুন:
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার
মাসুদ উদ্দিন ও মামুন খালেদকে 'মানবতাবিরোধ অপরাধে' গ্রেপ্তার দেখান
হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড ডিজিএফআইয়ের শেখ মামুনের
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার
মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে
জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সম্পদের তথ্য তলবের উদ্যোগ দুদকের
জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন