০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘উৎকোচ ছাড়াই’ চাকরিতে আসা পেশকারদের প্রশংসায় পঞ্চমুখ ভূমিমন্ত্রী

তিনি বলেছেন, “নতুন পেশকারদের সততার মানসিকতাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 09:10 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

কোনো ‘উৎকোচ বা তদবির ছাড়াই’ ১২৫ টাকা খরচ করে ভূমি অফিসে যোগ দেওয়া নতুন পেশকারদের মনোভাবের প্রশংসা করেছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু।

তিনি বলেছেন, “নতুন পেশকারদের সততার মানসিকতাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে। দুঃখী মানুষের কল্যাণ এবং একটি দুর্নীতিমুক্ত কর্মপরিবেশ গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর।” 

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ঢাকার তেজগাঁও ভূমি ভবনের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নতুন কর্মচারীদের (পেশকার) নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মন্ত্রী। 

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান চান সামনের সকল ক্ষত দূর করে দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক।”

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, “বাংলাদেশের বিগত ২০ বছরের মধ্যে এত সুন্দর ও সুষ্ঠুভাবে নিয়োগ সম্পন্ন হওয়ার কোনো রেকর্ড নেই। কোনো ধরনের তদবির ছাড়াই মাত্র ১২৫ টাকা খরচ করে আপনারা যারা চাকরি পেয়েছেন এবং আপনাদের অভিজ্ঞতার যে বর্ণনা দিয়েছেন, তা সত্যিই আমাদের মুগ্ধ করেছে। বিগত ২০ বছর ধরে এ দেশ দুর্নীতি ও অনিয়মে জর্জরিত ছিল।”

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আবদুল্লাহ আল বাকী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরী উপস্থিত ছিলেন।