১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারী সাংবাদিককে মারধরের মামলায় ৩ আসামি কারাগারে

ওই নারী সাংবাদিক ‘নিজের বাসার সামনে নিরাপদ না’ শিরোনামে ফেইসবুকে পোস্ট দেন।

নারী সাংবাদিককে মারধরের মামলায় ৩ আসামি কারাগারে
গ্রেপ্তার তিনজন সোয়েব রহমান জিশান, রাইসুল ইসলাম ও কাউসার হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2025, 09:48 PM

Updated : 26 Aug 2026, 12:26 PM

রাজধানীর রামপুরায় মারধর ও হেনস্তার অভিযোগে নারী সাংবাদিকের করা মামলায় তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। 

শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- সোয়েব রহমান জিসান, রাইসুল ইসলাম ও কাউসার হোসেন।

আদালতে রামপুরা থানার (নারী-শিশু) প্রসিকিউশন বিভাগের এসআই আবুল কালাম আজাদ বলেন, “তিন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আসামিদের আইনজীবীরা আবেদন করেন জামিন চেয়ে। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। পরে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।”

গত বুধবার ওই নারী সাংবাদিক ‘নিজের বাসার সামনে নিরাপদ না’ শিরোনামে ফেইসবুকে একটি পোস্ট দেন। 

সেখানে তিনি লেখেন, কিছু ছেলে তাকে ‘টিজ’ করায় তার ভাই সামনে গিয়ে দাঁড়ান। ‘বখাটেরা’ তখন তর্ক জুড়ে দেয় এবং তার ভাইকে মারধর করে। এরপর ওই সাংবাদিক ভাইকে রক্ষা করতে গেলে বখাটেরা তাকে মারধর ও শারীরিকভাবে হেনস্তা করে।

এ ঘটনায় ওই নারী সাংবাদিক রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর আসামি সোয়েব রহমান জিসানকে রামপুরার মেরাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রমনা থানার বেইলি রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রাইসুল ইসলামকে। কাউসার হোসেনকে ধরা হয় গেন্ডারিয়া এলাকা থেকে।