বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২
“নিখোঁজ দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট কাজ করছে।”
ঢাকার সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে দুজন নিখোঁজ হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯ টার দিকে শ্যামবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বরিশাল থেকে ছেড়ে ঢাকায় আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে একটি ট্রলারের সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়।”
নতুন ট্রলারটি ঢাকায় বানিয়ে কুমিল্লা নেওয়া হচ্ছিল বলে জানান তিনি।
আনোয়ারুলের ভাষ্য, ট্রলারটিতে মোট ১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে আটজন উদ্ধার হলেও দুজন নিখোঁজ রয়েছেন।
“ইতোমধ্যে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট কাজ করছে।”
