১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর বাতিলসহ ৯ দাবিতে শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি

ছাত্র ফ্রন্টের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতারা স্মারকলিপি জমা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 06:01 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১০ শতাংশ কর বাতিল ও টিউশন ফি কমানোসহ নয় দাবিতে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারকে স্মারকলিপি দিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।

বুধবার দুপুরে ছাত্রনেতারা শিক্ষা উপদেষ্টার কাছে ওই স্মারকলিপি জমা দিয়েছেন বলে সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

শাখার সভাপতি নাবিন আবতাহি ও সাধারণ সম্পাদক মারুফ হাসান ভূঞাসহ অন্যান্য নেতারা উপদেষ্টার হাতে স্মারকলিপি তুলে দেন।

তাদের অন্য দাবিগুলো হল-

 >> অভিন্ন টিউশন ফি নীতিমালা চালু করা। টিউশন ফি নির্ধারণে শিক্ষার্থীদের আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিভিন্ন ক্যাম্পাসে বর্ধিত টিউশন ফি কমানো। 

>> ‘বিলম্ব ফি’, ‘অতিরিক্ত ফি’ বা ‘জরিমানার’ নামে শিক্ষার্থীদের আর্থিক হয়রানি বন্ধ করা। 

>> বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্র শিক্ষকদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচন চালু করা। 

>> বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অভিন্ন গ্রেডিং নীতিমালা চালু করা। 

>> বিশ্ববিদ্যালয়গুলোর পূর্ণাঙ্গ আয়োজন, সমৃদ্ধ স্থায়ী ক্যাম্পাস নিশ্চিত করা এবং যথাযথ স্থায়ী শিক্ষক নিয়োগ দেওয়া। 

>> ট্রাই সেমিস্টার পদ্ধতি বন্ধ করে সেমিস্টার পদ্ধতি চালু করা এবং অ্যাসাইনমেন্ট-প্রেজেন্টেশন ও পরীক্ষার চাপ কমানো।

>> বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্মীয় সম্প্রীতি ও সব ধরনের সাংস্কৃতিক চর্চার সুযোগ নিশ্চিত করা। 

>> বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিবহন সেবা নিশ্চিত করা। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মেডিকেল সেন্টার নিমার্ণ ও সার্বক্ষণিক ডাক্তার নিয়োগ করা এবং আবাসন সুবিধা নিশ্চিত করা। 

স্মারকলিপি দেওয়ার আগে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে ছাত্রফ্রন্ট।

সংগঠনটির প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান ভূঞার সঞ্চালনায় সভাপতি নাবিন আবতাহি সভাপতিত্বে সমাবেশে দপ্তর সম্পাদক লিয়াকত আলী লিটন, অর্থ সম্পাদক তারমিন আহমেদ তিশা এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার ইনচার্জ পংকজনাথ সূর্য বক্তব্য দেন।