Published : 21 Mar 2026, 07:30 PM
ঈদুল ফিতরের নামাজ শেষে কোলাকুলি আর কুশল বিনিময়ের পর রাজধানীতে আনন্দ শোভাযাত্রা বের করেছেন মুসলমানরা।
শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে গিয়ে শেষ হয়।
প্রতিবছরই ঈদের দিন আনন্দ শোভাযাত্রা বের করা হয় রাজধানীতে। পুরান ঢাকার বিভিন্ন ঐতিহ্যের ছোঁয়া থাকে তাতে।

এবারের শোভাযাত্রায় যোগ দিয়ে রায় সাহেব বাজার এলাকার বাসিন্দা আবদুল মুক্তাদির বলেন, “ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই খুশির আমেজ মহানগরের সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই শোভাযাত্রা হয়ে থাকে।
“আমি সেই খুশির আনন্দে শরিক হতে অংশ নিচ্ছি। ভালো লাগছে এজন্য যে, ঢোল-দোতরা বাজিয়ে ঘোড়ার গাড়িতে চড়ছি। খুব খুব ভালো লাগছে।”

শোভাযাত্রায় রাজা সাজেন একজন। তার সঙ্গে থাকে সেনাপতি, সৈন্যদল। হাতি ও ঘোড়ার গাড়িও রাখা হয়। শিশু-কিশোররা ঈদের আনন্দে মেতে ওঠেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারের বাসিন্দা কিশোর রাজীব বলেন, ‘‘খুব ভালো লাগছে। ঘোড়া-হাতিকে কত সুন্দর করে সাজানো হয়েছে। ব্যান্ডের তালে তালে টম টম টুক টুক করে এগোচ্ছে। ছোটকালে এই টম টম গাড়ি কত যে চালিয়েছি সুতা দিয়ে টেনে। আজকে ঈদের এই আনন্দে আমি আনন্দিত।”