১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত: মালয়েশিয়ায় সেনা কর্মকর্তা রিমান্ডে

পুলিশের ধারণা, গাড়ি চালানোর সময় ওই সেনা কর্মকর্তা মদ্যপ অবস্থায় ছিলেন।

গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত: মালয়েশিয়ায় সেনা কর্মকর্তা রিমান্ডে
মালয়েশিয়ায় বৃহস্পতিবার গাড়ির ধাক্কায় নিহত হন বাংলাদেশি নাগরিক মুজাহিদ মিল্লাদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2026, 06:09 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহতের ঘটনায় দেশটির এক সেনা কর্মকর্তাকে পাঁচ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। 

কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা বলেন, তাদের আবেদনের ভিত্তিতে বিচারক গুপ্তান নর আসিকিন মুরলিকামাল রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

তিনি বলেন, “আজ সকাল পৌনে ১১টায় ডাং ওয়াঙ্গি জেলা পুলিশ সদর দপ্তরের রিমান্ড কক্ষে এই আবেদন করা হয়। আগামী মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”

পুলিশের ধারণা, ঘটনার সময় ওই সেনা কর্মকর্তা মদ্যপ অবস্থায় ছিলেন।

মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে বৃহস্পতিবার দুই গাড়ির সংঘর্ষে নিহত হন বাংলাদেশি নাগরিক মুজাহিদ মিল্লাদ (২২)। এ ঘটনায় আহত হন তার স্ত্রী তাবাসসুম আবিদা। এই দম্পতির বাড়ি হবিগঞ্জে। 

ঘটনার বিবরণে কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ বলেছে, বৃহস্পতিবার ভোরে তারা বিমানবন্দর থেকে ‘মাজু’ মহাসড়ক ধরে যাচ্ছিলেন। ওই সময় ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা গাড়ি চালিয়ে আসছিলেন বিপরীত দিক থেকে। 

পুলিশ বলছে, ওই সেনা কর্মকর্তা গাড়ি নিয়ে ভুল লেনে ঢুকে পড়েন। এতে দুই গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই মুজাহিদ মিল্লাদের মৃত্যু হয়।

সংঘর্ষে সেনা কর্মকর্তা ও তার গাড়িতে থাকা এক নারীও আহত হন। ঘটনার পর সড়ক পরিবহন আইনে মামলা করে সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। মামলায় তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। 

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতিস্বামী নিহত