২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

২০২৬ সালের এইচএসসি হবে পূর্ণাঙ্গ সিলেবাসে

"এখন কোনো বিশেষ পরিস্থিতি নেই, ফলে স্বাভাবিকভাবেই পরীক্ষা যে পূর্ণাঙ্গ সিলেবাসে সব বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে তা বোঝা যায়।“

২০২৬ সালের এইচএসসি হবে পূর্ণাঙ্গ সিলেবাসে
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 05:10 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। 

সব বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে ২০২৬ সালের এ পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি। 

এনসিটিবির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে থাকা সদস্য অধ্যাপক রবিউল কবির চৌধুরী বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা যে পূর্ণাঙ্গ সিলেবাসে সব বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে তা জানিয়ে আমরা নির্দেশনা জারি করেছি।

"আসলে এখন কোনো বিশেষ পরিস্থিতি নেই। ফলে স্বাভাবিকভাবেই পরীক্ষা যে পূর্ণাঙ্গ সিলেবাসে সব বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে তা বোঝা যায়। কিন্তু বিভিন্ন কলেজের অধ্যক্ষরা এবং অভিভাবকরা বারবার আমাদের কাছে এ পরীক্ষার নিয়ে জানতে চাচ্ছিলেন। তাই আমরা ওই নির্দেশনা জারি করেছি।" 

গত ২৩ জুন এ সংক্রান্ত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠায় এনসিটিবি। 

এতে বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২০২৪ সালের অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এ সকল শিক্ষার্থী ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলীম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। 

২০২৬ সালের এইচএসসি, আলীম ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণসময়ে ও পূর্ণনম্বরে অনুষ্ঠিত হবে।

সকল শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে এ বিষয়ে জানাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে অনুরোধ জানিয়েছে এনসিটিবি। 

কোভিড মহামারীর কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এরপর ২০২১ সাল থেকে সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া শুরু হয়। 

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরাও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষায় বসবেন। 

এদিকে বৃহস্পতিবার থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ অগাস্ট পর্যন্ত। ১১ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।