মুছাপুর রেগুলেটরের নির্মাণ কাজ শুরু চলতি বছরেই: রিজওয়ানা
অগাস্ট মাসের মধ্যে পুনঃনির্মাণের চূড়ান্ত নকশা প্রণয়নের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি।
নোয়াখালীর মুছাপুর রেগুলেটরের নির্মাণ কাজ চলতি বছরেই শুরু করার কথা জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেছেন, “মুছাপুর রেগুলেটরের ভিত্তিপ্রস্তর আমরা আমাদের সময়ে করে দিয়ে যেতে চাই। এজন্য পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন সার্কেলের সংশ্লিষ্টদের আগামী অগাস্ট মাসের মধ্যে পুনঃনির্মাণের চূড়ান্ত নকশা প্রণয়নের কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।”
বুধবার বিকালে ঢাকায় পানি ভবনের সম্মেলন কক্ষে মাসিক আরএডিপি পর্যালোচনা সভায় তিনি একথা বলেন।
উপদেষ্টা নদী ভাঙনের সময়, মানুষের বিপদের সময় পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত সাড়া দেওয়ার নির্দেশ দেন। ঈদের সময় নদীভাঙ্গন প্রবণ এলাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি প্রয়োজনে ছুটি বাতিলের নির্দেশনাও দেন তিনি।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাত বিভাগের সাতটি নদী দখল ও দূষণমুক্ত করতে চূড়ান্ত কর্মপরিকল্পনা দ্রুততম সময়ের মধ্যে প্রস্তুতের নির্দেশ দেন রিজওয়ানা হাসান।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আ ন ম বজলুর রশীদ আরএডিপি পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন।
