১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চুপ থাকার পরিস্থিতি আর নেই, ডিএসসিসি নিয়ে উপদেষ্টা আসিফ

“সরকারের উচ্চ পর্যায় এ বিষয়ে অবগত। সেখান থেকে যে সিদ্ধান্ত আসে, সেটাই বাস্তবায়ন করব।”

চুপ থাকার পরিস্থিতি আর নেই, ডিএসসিসি নিয়ে উপদেষ্টা আসিফ
মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 09:30 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবি ঘিরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) যেভাবে নাগরিক সেবা ‘বিঘ্নিত হচ্ছে’, তাতে আর ‘চুপ থাকার পরিস্থিতি’ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করতে হলে দুই পক্ষ থেকেই দায়িত্বশীল আচরণ আসতে হবে।

“আমরা আমাদের দায়িত্বটা পালনের চেষ্টা করেছি। কিন্তু যেভাবে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে, চুপ থাকার পরিস্থিতি আর নেই।”

বিএনপি নেতা ইসরাককে মেয়রের শপথ পড়াতে ১৪ মে থেকে নগর ভবনের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাক সমর্থকরা। ডিএসসিসি কর্মচারী ইউনিয়নও তাতে যোগ দেয়। 

তাদের আন্দোলনে নগর ভবন কার্যত অচল হয়ে পড়ে। কিন্তু ‘আইনি জটিলতা’ থাকার কথা বলে তাকে শপথ পড়ায়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ঈদের আগে ইশরাক ঘোষণা দেন, সরকার শপথ না পড়ালে ঈদের পর নিজেই শপথ নিয়ে মেয়রের চেয়ারে বসবেন।

তবে ঈদের ছুটির পর ‘নিজেই নিজের শপথ’ না নিলেও নগর ভবনে কর্মচারীদের নিয়ে সভা করেন ইশরাক। সভার ব্যানারে তার নামের আগে লেখা ছিল ‘মাননীয় মেয়র’।

এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবারের ব্রিফিংয়ে আসিফ মাহমুদ বলেন, “সরকারের উচ্চ পর্যায় এ বিষয়ে অবগত রয়েছে। সেখান থেকে আলোচনার ভিত্তিতে যে সিদ্ধান্ত আসে, সেটাই বাস্তবায়ন করব।”

ইশরাক সমর্থকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “দক্ষিণ সিটি করপোরেশনে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। সেখানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বাইরে থেকে হলেও যতটা সম্ভব নাগরিক সেবা চালিয়ে নেওয়ার চেষ্টা চলছে।” 

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সরকারগুলো সতর্ক আছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

বলেন, “ডেঙ্গুর বিষয়টা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে থেকে কনসার্ন আছি। সিটি করপোরেশনগুলো প্রস্তুত আছে। তাদের কাজগুলো হয়ত দৃশ্যমান হচ্ছে না। 

“কী কী উদ্যোগ আমরা নিয়েছি এবং কী কী উদ্যোগ নেব, সেটা আপনাদের কাছে ব্রিফ করা হবে। শুধু সরকারের পক্ষে ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব হবে না, জনসচেতনতা বাড়ানোটাও জরুরি।”

আরও পড়ুন

ইশরাকের শপথ নেওয়ার সুযোগ নেইউপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার উপদেষ্টা 'মিথ্যাচার করছেন': ইশরাক

নগর ভবনে ইশরাকের সভাব্যানারে 'মাননীয় মেয়র'

সরকার ব্যবস্থা না নিলে নিজেই শপথ নেবেন ইশরাক