১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জামায়াতের আবদুল হকসহ আরও ৫৩ জনের প্রার্থিতা ফিরল

এ নিয়ে এখন পর্যন্ত দুই শতাধিক আপিলকারী প্রার্থিতা ফিরে পেলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2026, 07:40 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির চতুর্থ দিনে আরও ৫৩ আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবারের এই শুনানিতে ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত আবদুল হকও প্রার্থিতা ফিরে পেয়েছেন।

শুনানি শেষে নির্বাচন ভবনে তিনি বলেন, “আমি এক টাকা কারো কাছে ঋণ করিনি। নির্বাচন কমিশন বিষয়টি বুঝতে পেরেছেন এবং আমার আপিল মঞ্জুর হয়েছে, মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন।”

এ নিয়ে এখন পর্যন্ত দুই শতাধিক আপিলকারী প্রার্থিতা ফিরে পেলেন। মঙ্গলবার ইসি জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য তুলে ধরেন।

আপিলে প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে কথা বলেন ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল হক।

আপিলে প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে কথা বলেন ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল হক।

এর আগে যাচাইবাছাই শেষে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিল ১ হাজার ৮৪২ জন; আপিলে একজনের প্রার্থিতা বাতিল হয়।

এরপর শনিবার থেকে চার দিনে আপিল শুনানিতে ২০৩ জন প্রার্থিতা ফিরে পাওয়ায় এখন পযন্ত বৈধ প্রার্থী দাঁড়িয়েছে ২ হাজার ৪৪ জনে। আপিল শুনানি চলবে আগাশী ১৮ জানুয়ারি পর্যন্ত।

মঙ্গলবারের শুনানিতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৫টি আবেদন নামঞ্জুর হয়েছে। শুনানিতে নোয়াখালী-৫ ও রাজশাহী-৫ আসনে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দুইটি আপিল আবেদন নামঞ্জুর করায় এ দুই আসনের দুই জনেরই প্রার্থিতা বহাল থাকছে।

বুধবার ২৮১ থেকে ৩৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে। ৬৪৫ জনের আপিল শুনানি ১৭ জানুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে।

তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এর পরদিন চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হবে এবং প্রতীক বরাদ্দ হবে। আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের লড়াইয়ে থাকবেন তারা।

৩০০ আসনের মধ্যে পাবনা ১ ও ২ আসনের ভোট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রয়েছে।