১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরেক দিন পেছাল বইমেলা

"পিলখানা হত্যাকাণ্ডের বর্ষপূর্তির অনুষ্ঠান থাকায় প্রধানমন্ত্রী মেলা ২৬ ফেব্রুয়ারি উদ্বোধন করবেন,” বলেন বাংলা একাডেমির এক কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 12:06 AM

Updated : 26 Aug 2026, 03:00 PM

আরেক দিন পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা; চলবে ১৫ মার্চ পর্যন্ত। 

এর আগে ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার ঘোষণা দেওয়া হয়েছিল।

এবারের মেলায় কোনো 'প্যাভিলিয়ন থাকবে না' বলে রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

এর আগে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে তিন শতাধিক প্রকাশনা সংস্থার প্লাটফর্ম 'প্রকাশক ঐক্য' বলেছিল, "মেলার মাঠে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দের অস্বচ্ছতা নিরসন না হওয়া এবং চরম সময় স্বল্পতার কারণে মেলায় অংশগ্রহণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।"

বিষয়টি নিয়ে রোববার সন্ধ্যা পর্যন্ত সমঝোতা না হওয়ায় সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছে 'প্রকাশক ঐক্য'।

এমন বাস্তবতায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ এবং প্রকাশকদের একাংশকে নিয়ে রোববার রাতে জরুরি সভায় বসেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এই সভা হয়।

সভায় যোগ দেওয়ার আগে সন্ধ্যা ৭টায় প্রতিমন্ত্রী খৈয়ম একাডেমি প্রাঙ্গণে এসে মেলার প্রস্তুতি ঘুরে দেখেন।

তার সঙ্গে প্রকাশক প্রতিনিধি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতারা ছিলেন। 

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম ও সচিব ড. মো. সেলিম রেজাও ছিলেন প্রতিমন্ত্রীর সঙ্গে। 

সভার পর বাংলা একাডেমি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, "বাপুস নেতাদের সহায়তায় ইতোমধ্যে প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকরা নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন।"

গত ১৯শে ফেব্রুয়ারি যেসব প্রকাশক স্টলের জন্য আবেদন করেছেন, তাদের স্টল-বিন্যাসের লটারি রোববার রাত ১০টায় অনুষ্ঠিত হয় বলেও বাংলা একাডেমি জানায়।

প্রকাশকরা সোমবার থেকে স্টল নির্মাণের কাজ শুরু করবেন বলে আশা করছে বাংলা একাডেমি।

বাংলা একাডেমির 'প্যাভিলিয়ন' না রাখার ঘোষণার পর প্রকাশক ঐক্যের সংবাদ সম্মেলন হবে কিনা জানতে চাইলে অন্যপ্রকাশের মাজহারুল ইসলাম রাত পৌনে ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংবাদ সম্মেলন হবে।"

আদর্শ প্রকাশনীর মাহাবুব রাহমানও বলেছেন, “সংবাদ সম্মেলন হবে।”

বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সেলিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টায় বইমেলা উদ্বোধন করবেন।"

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রোববার সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে বইমেলার প্রস্তুতি ঘুরে দেখেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রোববার সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে বইমেলার প্রস্তুতি ঘুরে দেখেন।

এর আগে ২৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি। মেলা সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একদিন পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি সময় দিয়েছেন।

বাংলা একাডেমির একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৫ ফেব্রুয়ারি পিলখানার 'বিডিআর বিদ্রোহের' বর্ষপূর্তি হওয়ায় প্রধানমন্ত্রী বইমেলা ২৬ ফেব্রুয়ারি উদ্বোধন করবেন।"

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কথা মাথায় রেখে প্রথমে বইমেলা এগিয়ে ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা একাডেমি।

পরে ২৮ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে সেই সিদ্ধান্ত ‘স্থগিত’ করার কথা জানায় আয়োজক প্রতিষ্ঠানটি।

পরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে ২ নভেম্বর বৈঠকে করে বাংলা একাডেমি নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়।

তখন জানানো হয়েছিল, নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই মেলার তারিখ ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশন গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের ঘোষণা দেয়।

এরপর বাংলা একাডিমি বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানায়। কিন্তু প্রকাশকরা সেটি পিছিয়ে ঈদের পরে নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।