Published : 06 May 2026, 04:12 PM
জুলাই আন্দোলনের সময় ঢাকার নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা বিভাগ-ডিবির ধানমন্ডি জোনাল টিমের ইন্সপেক্টর আমজাদ হোসেন তালুকদার গত ৩০ এপ্রিল সাবেক এমপি রউফকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন বুধবার ধার্য করেন।
এদিন আবদুর রউফকে আদালতে হাজির করা হয়। শুনানির পর আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার।
সে বছর ১ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে র্যাব আবদুর রউফকে গ্রেপ্তার করে। পরদিন তাকে কুষ্টিয়া মডেল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলার কারাগারে পাঠানো হয়।
বুধবার নিউ মার্কেট থানার মামলায় সাবেক এমপি রউফকে গ্রেপ্তার দেখানো হল।
মামলার বিবরণীতে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নিউ মার্কেটের নীলক্ষেত এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় আব্দুল ওয়াদুদের শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়েছে।
আবদুর রউফ দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করে এমপি হয়েছিলেন। এর আগে দশম সংসদে তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন।