১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আদালত থেকে পালানো হত্যা মামলার সেই আসামি কারাগারে

শরিফুল ইসলাম ঢাকার খিলগাঁও থানার জিসান হোসেন হত্যা মামলার আসামি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 07:06 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি শরিফুল ইসলামকে (২২) কারাগারে পাঠানো হয়েছে। 

বুধবার ঢাকার মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই তানভীর মোর্শেদ চৌধুরী বলেন, এদিন শরিফুলকে আদালতে তুলে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার এসআই আশরাফুল আলম। 

শরিফুল দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহম্মেদের ছেলে। বুধবার ভোরে ফেনী রেল স্টেশন এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

তিনি ঢাকার খিলগাঁও থানার জিসান হোসেন (১৪) হত্যা মামলার আসামি। মামলাটি সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে। 

গত ১৯ জুন ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে আঘাত করে হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যান এ আসামি। 

সেদিন হাজতখানার ইনচার্জ এসআই মো. রিপন মোল্লা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালী থানায় শরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। 

শরিফুলের পালানোর দৃশ্য ধরা পড়ে আদালতের সিসি ক্যামেরায়। 

ভিডিওতে দেখা যায়, মহানগর দায়রা জজ আদালতের দ্বিতীয় তলার এজলাস থেকে দায়িত্বরত এক পুলিশ সদস্য চার আসামিকে নিয়ে হাজতখানার দিকে যাচ্ছিলেন। শরিফুল ছিলেন সবার সামনে। ভবনের নিচে সিঁড়ির কাছে পৌঁছালে শরিফুল হাতকড়া খুলে দৌড় দেন। পরে পাশের একটি এজলাসে গিয়ে গায়ের সাদা শার্ট খুলে একটি লাল টি-শার্ট পরে দৌড়ে পালিয়ে যান তিনি। 

আরও পড়ুন -আদালত থেকে পালাল স্কুলছাত্র জিসান হত্যার আসামি