পুরান ঢাকায় বর্ণিল শোভাযাত্রা: ছিল নানা নিদর্শনের প্রতিকৃতি, ঐতিহাসিক চরিত্রের সাজ
বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা, খাবার ও অতীত যাতায়াত ব্যবস্থার অনুষঙ্গও ফুটিয়ে তোলা হয়।
রাজধানী হিসেবে ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে পুরান ঢাকায় বর্ণিল শোভাযাত্রা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে নগর ভবনে শেষ হয়।
মূলত মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে এ শোভাযাত্রার আয়োজন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দিয়েছে ডিএসসিসি।
শোভাযাত্রায় ঢাকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা, খাবার ও অতীত যাতায়াত ব্যবস্থার অনুষঙ্গ ফুটিয়ে তোলা হয়। ছিল লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনার, লালকুঠি, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, বৌদ্ধ মন্দির ও ঢাকা গেটের প্রতিকৃতি।
এছাড়া পুরান ঢাকার খাবার বাকরখানি, নান্না বিরিয়ানি ও বিউটি লাচ্ছির প্রতিকৃতির পাশাপাশি ছিল স্টিমারের প্রতিকৃতি, ঘোড়ার গাড়ি ও পালকি।
রানি ভিক্টোরিয়া, নবাব খাজা আহসানউল্লাহ, নীলা রায়, নিকোলাস পোগোজ, জিন্নাবাই ও পরিবিবির মত ঢাকার ঐতিহাসিক চরিত্র সেজেও অংশ নেন অনেকে।
শোভাযাত্রা শেষে নগর ভবনে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, “ঢাকার প্রতি নাগরিকদের ভালোবাসা, মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করতেই আমাদের এই আয়োজন। ঢাকার ইতিহাস-ঐতিহ্যকে নগরবাসী ও বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই এই উৎসবের সূচনা করেছি আমরা।”
