Published : 24 Nov 2025, 10:14 AM
তিন দিনের সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকা ছেড়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টায় তিনি শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুটানের সরকারপ্রধানকে বিমানবন্দরে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এসময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।
শেরিং তোবগের বিদায়ের আগে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী তাকে গার্ড অব অনার দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা এবং আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের একান্ত বৈঠকের পাশাপাশি তাদের নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠকও হয়েছে।
রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী।
শেরিং তোবগের সফরে তার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের পৃথক বৈঠক হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

তিন দিনের সফরে শনিবার সকাল সোয়া ৮টায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
সেখানে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হওয়ার পর শেরিং তোবগেকে গার্ড অব অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় শেরিং তোবগে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণের পাশাপাশি দর্শনার্থী বইয়ে সই করেন।