২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ডিসিদের মধ্যে আশার মেলবন্ধন তৈরি হয়েছে: জনপ্রশাসন সচিব

“ভোটের প্রস্তুতিতে যেন সময় না লাগে, সেভাবেই কাজ চলছে”, বলেন মন্ত্রিপরিষদ সচিব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2025, 11:19 PM

Updated : 26 Aug 2026, 11:51 AM

বর্তমান সরকারকে নিয়ে ডিসিদের মধ্যে ‘আশার একটা মেলবন্ধন’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান।

মঙ্গলবার রাতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে অংশগ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা এক কথায় বলতে পারি, তারা মোটিভেটেট। 

“তাদের কিছু ফাংশনাল ডিউটি আছে, এগুলো তারা আগের চেয়ে আরও বেশি উৎসাহ নিয়ে করতে পারবে বলে আমরা মনে করি। তাদের অভিব্যক্তি তাই বলেছে।”

এর আগে ডিসি সম্মেলনের তৃতীয় অধিবেশনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলোচনায় অংশগ্রহণ করেন মোখলেস উর রহমান।

সেখানকার আলোচনার বিষয়ে তিনি বলেন, “মাঠ পর্যায়ে যারা কাজ করছেন, তাদের সঙ্গে যেন আমাদের সমন্বয় থাকে, সে বিষয়ে আলোচনা হয়েছে।

“আমাদের নিয়ে তাদের মধ্যে আশার একটা মেলবন্ধন তৈরি হয়েছে।”

মাঠ প্রশাসন থেকে আসা বিভিন্ন দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এখানে দাবি পূরণ হয়েছে, দাবি পূরণ হয়নি, বিষয়টি এমন নয়।

“আপনি আমি আমরা সকলে মিলে একই উদ্দেশ্য নিয়ে চললে যেখানে যে বিচ্যুতি আছে, সেটা উত্তরণ করা সম্ভব।”

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ বলেন, “সকলে মিলে সরকার, সকল বিভাগের সঙ্গে আমরা মুখোমুখি করতে পেরেছি। 

“তাদের সমস্যা তাদের প্রত্যাশা সবকিছু বলার চেষ্টা করেছে। এটা এড্রেস করা হয়েছে। সবার মিল-মিশটাই টার্গেট ছিল, আশা করি এর ফল আমরা পাব।”

তিনি বলেন, “সারা দেশ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে, সরকার তারিখ ঘোষণা করলে বা সিদ্ধান্ত দিলে যেন প্রস্তুতি নিতে সময় না লাগে, সেভাবে প্রস্তুত করা হচ্ছে।”