১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কেউ যদি বিশ্বাস করে, ‘মঙ্গল অন্য কোথাও’, জামায়াতের আপত্তি নেই: এমপি মিলন

জামায়াত থেকে নির্বাচিত তিন সংসদ সদস্যের উপস্থিতিতে শুরু হয় ‘দেশীয় সাংস্কৃতিক সংসদের’ শোভাযাত্রা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 06:03 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

কোনো সম্প্রদায় যদি বিশ্বাস করে, তাদের ‘মঙ্গল অন্য কোথাও’, তাতে জামায়াতের আপত্তি নেই বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম খান মিলন।

ঢাকা-১২ আসনের এ সংসদ সদস্য বলেন, “মনে রাখতে হবে, মানুষের মঙ্গল-অমঙ্গলের মালিক একমাত্র আল্লাহ।

“তবে এ দেশের কোনো সম্প্রদায় যদি বিশ্বাস করে, অন্য কোথাও তাদের মঙ্গল, তাদের ভাগ্য জড়িত, তাতে জামায়াতের আপত্তি নেই। সে বিশ্বাসে জামায়াতে ইসলামী বাধা সৃষ্টি করতে চায় না।”

মঙ্গলবার জামায়াতে ইসলামীর ভাবধারার সংগঠন হিসেবে পরিচিত ‘দেশীয় সাংস্কৃতিক সংসদের’ বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

বর্ষবরণের অংশ হিসেবে ‘বৈশাখী শোভাযাত্রা’, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা আয়োজন করে সংগঠনটি। 

মঙ্গলবার জামায়াতের তিন সংসদ সদস্যদের উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাব থেকে শোভাযাত্রা শুরু হয় বলে সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

বাকি দুই সংসদ সদস্য হলেন, ঢাকা-৫ আসনের কামাল হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নুরুল ইসলাম বুলবুল।

সাংস্কৃতিক আয়োজনে ছিল চিরায়ত বাংলা গান, দেশাত্মবোধক গান, জারি-সারি, কবিতা আবৃত্তি, পুঁথিপাঠ, গম্ভীরা ও নাটিকা। 

সাংস্কৃতিক আয়োজনে অংশ নেয়- সাহিত্য সংস্কৃতি কেন্দ্র, বাংলাদেশ কালচারাল অ্যাকাডেমি, মহানগর শিল্পীগোষ্ঠী, রাজধানী শিল্পীগোষ্ঠী, উক্তি আবৃত্তি সংসদ, বাংলাদেশ সংগীত কেন্দ্র, বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদ, বাংলা সাহিত্য পরিষদ, কবিতা বাংলাদেশ, বাংলাদেশ চারুশিল্প পরিষদ, সাইমুম শিল্পীগোষ্ঠী, অনুপম সাংস্কৃতিক সংসদ, উচ্চারণ শিল্পীগোষ্ঠী, জাগরণ শিল্পীগোষ্ঠী, সন্দীপন শিল্পীগোষ্ঠী, নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ, সওগাত সাহিত্য সাংস্কৃতিক সংসদ, সারগাম সাংস্কৃতিক সংসদ, আজাদী  সাংস্কৃতিক সংসদ, স্পন্দন সাংস্কৃতিক সংসদ এবং জিনজিরা শিল্পীগোষ্ঠী।