Published : 16 Jun 2026, 09:40 PM
দক্ষিণ কোরিয়ার ভিসার আশ্বাস দিয়ে চুক্তির আগাম টাকা নিতে এসে রাজশাহীতে ধরা পড়েছেন একটি প্রতারক চক্রের ‘হোতা’।
সোমবার দুপুরে রাজশাহীর নওদাপাড়ার আমচত্বর মোড় থেকে তাকে আটক করা হয় বলে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আটক আহসান হাবীবের (৪০) বাড়ি পবা থানার ঘোড়াহাড়িয়া গ্রামে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী গোদাগাড়ীর কাশিমপুর গ্রামের মো. মেরাজ আলী (২১) দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য সরকারিভাবে আবেদন করে সফলভাবে ভাষা পরীক্ষা, স্কিল টেস্ট ও মেডিকেল সম্পন্ন করেন। এ তথ্য কৌশলে সংগ্রহ করেন প্রতারক চক্রের ‘হোতা’ আহসান হাবীব ও তার সহযোগীরা।
“এরপর গত ১৪ জুন মেরাজের বাড়িতে গিয়ে আহসান হাবীব কোরিয়ান একটি কোম্পানির ভুয়া কাগজ দেখিয়ে দাবি করেন, ১৬ লাখ টাকা না দিলে তার ভিসা বাতিল করে দেওয়া হবে। ভিসা পাওয়ার শতভাগ নিশ্চয়তা দিয়ে তারা অগ্রিম ১ লাখ টাকা দাবি করেন।”
বিষয়টিতে সন্দেহ হলে সোমবার ঢাকার ইস্কাটন গার্ডেনে বোয়েসেল কার্যালয়ে লিখিত অভিযোগ দেন মেরাজ। তখন বোয়েসেল কর্তৃপক্ষ তাকে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বলছে, সোমবার দুপুরে নওদাপাড়া আমচত্বর মোড়ে টাকা নিতে আসেন আহসান হাবীব। তখন সেখানে ছদ্মবেশে উপস্থিত বোয়েসেলের কর্মকর্তারা রাজশাহী জেলা প্রশাসনের সহায়তায় তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি কোরিয়াগামী কর্মীদের তথ্য চুরি করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টার কথা ‘স্বীকার করেন’।
পরে তাকে শাহমখদুম থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা করেন মেরাজ আলী।