রাষ্ট্রপতির নতুন প্রেস সচিব সরওয়ার আলম
তিনি তথ্য ক্যাডারের আরেক কর্মকর্তা মো. জয়নাল আবেদীনের স্থলাভিষিক্ত হলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা মো. সরওয়ার আলম।
সোমবার তাকে দুই বছরের জন্য সচিব পদমর্যাদায় এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
এই পদে তিনি তথ্য ক্যাডারের আরেক চুক্তিভিত্তিক কর্মকর্তা মো. জয়নাল আবেদীনের স্থলাভিষিক্ত হলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, “সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী মো. সরওয়ার আলমকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে সচিব পদমর্যাদায় মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।”
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-প্রেস সচিব ছিলেন সরওয়ার আলম।
বিসিএস ৮৪ ব্যাচের তথ্য ক্যাডারের এই কর্মকর্তা ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ ও সাবকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দীন আহমদের উপ প্রেস সচিব ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা ও কলকাতা উপ-হাইকমিশনের প্রথম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
‘বঞ্চিত’ এ কর্মকর্তা ২০২২ সালের ফেব্রুয়ারিতে অবসরোত্তর ছুটিতে যান এবং অবসরে যান ২০২৩ সালে।
ফেনীতে জন্মগ্রহণকারী এ কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতকোত্তর করেন।
