Published : 16 Aug 2026, 10:30 PM
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি অভিযান চালিয়ে স্বর্ণালংকারসহ ৫ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার রাতে এপিবিএনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দিন শাহজালাল বিমানবন্দরের গোলচত্ত্বরের উত্তর পাশের এলাকায় গোপন অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সংঘবদ্ধ চক্র পালানোর চেষ্টা করে। পরে এপিবিএনের সদস্যরা তাদের আটক করে তল্লাশি করলে ২০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন মো. শফি উল্লাহ, সাইফুল ইসলাম, রাসেল রানা ও হাফিজুল ইসলাম।
একইদিন পৃথক অভিযানে বিমানবন্দরের ১ নম্বর ক্যানোপির খোলা পার্কিংয়ের দক্ষিণ পাশে তিন রাস্তার মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করে এপিবিএন অফিসে নেওয়া হয়। পরে তাকে তল্লাশি করে ৮০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম এমরান ভূইয়া।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এপিবিএন বলছে, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয়েছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ‘রিসিভার’ হিসেবে বিমানবন্দরের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করা হয়েছে।
এর আগে গত শুক্রবার পৌনে ৪০০ গ্রাম সোনাসহ ৬ জনকে আটক করেছিল এয়ারপোর্ট এপিবিএন৷ তারাও সোনা চোরাচালান চক্রের সদস্য বলে দাবি এপিবিএনের।