Published : 16 Sep 2025, 12:57 PM
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বাসস বলছে, দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি ঢাকেশ্বরী যান।
মন্দির পরিদর্শন শেষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দেন মুহাম্মদ ইউনূস।
এর আগে মঙ্গলবার আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা জানতে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন ইউনূস।
দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে সনাতন ধর্মাবলম্বী নেতারা বলেছেন, গত বছরের তুলনায় এ বছর এক হাজারের বেশি মণ্ডপ বেড়েছে। সারাদেশে মণ্ডপ প্রস্তুতের কাজ পুরোদমে এগিয়ে চলছে।
দুর্গাপূজা ঘিরে যেন কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ তৈরি না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা হবে এবার ৩৩ হাজার ৫৭৬টি মণ্ডপে; এর মধ্যে ঢাকা মহানগরীতে ২৫৫টি মণ্ডপে পূজা হওয়ার কথা রয়েছে।
এ বছর পঞ্জিকা অনুসারে, দুর্গাপূজার মহাপঞ্চমী অনুষ্ঠিত হবে চলতি মাসের ২৭ তারিখ। আর ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর মহাদশমী হবে। দুর্গাপূজা উপলক্ষে দশমীর দিন সরকারি ছুটি থাকে।
দুর্গাপূজা: দেশে পূজা এবার ৩৩ হাজার মণ্ডপে
দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক