১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

'বীর মুক্তিযোদ্ধা' খচিত স্মার্টকার্ড রাষ্ট্রপতির হাতে

বঙ্গভবনে বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের 'বীর মুক্তিযোদ্ধা' খচিত জাতীয় পরিচয়পত্রটি তার হাতে তুলে দেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম।

'বীর মুক্তিযোদ্ধা' খচিত স্মার্টকার্ড রাষ্ট্রপতির হাতে
নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে 'বীর মুক্তিযোদ্ধা' খচিত জাতীয় পরিচয়পত্র তুলে দেন। ছবি: পিআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 06:49 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

'বীর মুক্তিযোদ্ধা' লেখা সম্বলিত নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। 

মঙ্গলবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে এই পরিচয়পত্র হস্তান্তরের মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু হয়।

নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম বঙ্গভবনে বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে 'বীর মুক্তিযোদ্ধা' খচিত জাতীয় পরিচয়পত্রটি তুলে দেন।

বঙ্গভবন এক বিজ্ঞপ্তিতে জানায়, পরিচয়পত্র তুলে দেওয়ার সময় ইসি সচিব কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। 

পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধাদেরকে এই নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে বলেও তিনি জানান। 

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “এটি মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের অনন্য স্বীকৃতি। তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করে।"

মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন ও তাদের কল্যাণে সম্মানী ভাতা বৃদ্ধিসহ সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, "ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং যে কোনো প্রয়োজনে সরকার সবসময় তাদের পাশে থাকবে। "

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।