Published : 07 Apr 2023, 01:19 PM
ঢাকায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এর এক সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার রাতে শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তারের খবর র্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. মাহামুদ হাসান (৩০)। তাকে হিজবুত তাহরীরের জ্যেষ্ঠ নেতা এবং দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য বলছে র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “তিনি ঢাকার বিভিন্ন মসজিদের সামনে হিযবুত তাহরীরের সদস্যদের নিয়ে ঝটিকা মিছিল করেন। এর আগেও তিনি গ্রেপ্তার হয়েছিল। কিন্তু জামিনে বের হয়ে পালিয়ে দীর্ঘ দিন ধরে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখছিলেন।”
র্যাব বলছে, মাহামুদ হাসান রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০০৯ সালে এসএসসি এবং ২০১১ সালে এইচএসসি পাস করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেন।
“ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষকের মাধ্যমে হিযবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত হন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গিবাদী বই প্রচার ও তরুণদের জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন।”
তার বিরুদ্ধে মোহাম্মদপুর ও পল্টন থানায় তিনটি মামলা রয়েছে এবং মোহাম্মদপুর থানার মামলায় তার দুই বছরের সাজা হয়েছিল বলেও র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়।