পি কে হালদারের সহযোগী নাহিদা রুনাইয়ের ফ্ল্যাট-জমি জব্দের আদেশ
এসব সম্পত্তির মূল্য দেখানো হয়েছে এক কোটি ৮৯ লাখ ৯ হাজার ৭৫২ টাকা।
অর্থ পাচারের অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের সহযোগী নাহিদা রুনাইয়ের ফ্ল্যাট-জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাইয়ের ধানমন্ডির র্যাংগস ভিউপার্কের ফ্ল্যাট, চট্টগ্রামের খুলশীর ১০ শতক জমিসহ ছয়তলা আবাসিক ভবন, ঢাকার উত্তরার তিন কাঠার প্লট এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৬ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। আবেদনে এসব সম্পত্তির মূল্য দেখানো হয়েছে এক কোটি ৮৯ লাখ ৯ হাজার ৭৫২ টাকা।
দুদকের তরফে উপপরিচালক সজীব আহমেদ এসব সম্পত্তি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, নাহিদা রুনাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। দুদক জেনেছে, এসব স্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা চলছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব স্থাবর সম্পদ অবরুদ্ধ করা দরকার।
