১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফরেন সার্ভিস একাডেমি: ফায়ার অ্যালার্মের ঘটনায় তদন্ত কমিটি

পাঁচ সদস্যের কমিটিতে ফায়ার সার্ভিস ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদেরও রাখা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 10:13 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলসমূহের সংলাপের সময় ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরেন সার্ভিস একাডেমির পরিচালক আরশুদা খানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। পাঁচ সদস্যের এ কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদেরও রাখা হয়েছে। 

 “২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে কমিটিকে।”

ঘটনার বর্ণনা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভা চলার সময় দুপুর ১২টা ২০ মিনিটের দিকে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ফায়ার অ্যালার্ম ব্যবস্থা হঠাৎ সক্রিয় হয়ে পড়ে।

“তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একাডেমিতে কর্তব্যরত কর্মচারীরা অ্যালার্মের সম্ভাব্য উৎসস্থল পরিদর্শন করেন এবং কারণ অনুসন্ধান করেন। প্রাথমিক তদন্তে কোথাও কোনো ধরনের আগুন বা ধোঁয়ার অস্তিত্ব পাওয়া যায়নি। তবে, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি অধিকতর খতিয়ে দেখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

ওই ফায়ার অ্যালার্ম বাজার পর ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সভা কিছু সময়ের জন্য থেমে যায়। এরপর আলোচনা শুরু হলে এটাকে ‘ফলস ফায়ার অ্যালার্ম‘ হিসেবে অভিহিত করেন আলোচকদের কেউ কেউ।