১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উপদেষ্টারা ‘দায়িত্বশীল’ আচরণ করলে এমন পরিস্থিতি তৈরি হতো না: নাহিদ

সঠিক সময়ে তথ্য প্রকাশ, উপদেষ্টাদের মধ্যে সমন্বয় ও দুর্ঘটনার কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তও চেয়েছেন তিনি।

উপদেষ্টারা ‘দায়িত্বশীল’ আচরণ করলে এমন পরিস্থিতি তৈরি হতো না: নাহিদ
ঢাকার বাংলামোটরে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 09:50 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার মত বড় বড় ঘটনাগুলো সামাল দিতে সরকারকে আরও ‘দায়িত্বশীল’ আচরণ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সঠিক সময়ে তথ্য প্রকাশ, উপদেষ্টাদের মধ্যে সমন্বয় ও দুর্ঘটনার কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তও চেয়েছেন তিনি।

মঙ্গলবার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এই আহ্বান জানান।

সোমবার ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ভবনে বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান আছড়ে পড়ে এখন পর্যন্ত শিশুসহ ২৮ জন প্রাণ হারিয়েছে। আর, আহত হয়ে ৬৮ জন হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় মাইলস্টোনের শিক্ষার্থী ছয়টি দাবি জানিয়ে মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। এদিন শিক্ষা উপদেষ্টা ও আইন উপদেষ্টা মাইলস্টোন ক্যাম্পাসে গেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। 

রাস্তা অবরোধ করে প্রায় নয় ঘণ্টা তাদের ক্যাম্পাসে আটকে রাখা হয়।

এছাড়া মাঝরাতে ঘোষণা দিয়ে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘ্টনায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়। বিক্ষোভকারী শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়ায় সেখানে সংঘর্ষও হয়েছে।

এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করে এনসিপির অবস্থান জানালেন দলটির নেতারা।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এসব ঘটনার জন্য সরকারের দায়িত্বহীন আচরণ ও সমন্বয়হীনতাকে দায়ী করেছেন।

“এমন যদি অবস্থা হয় যে উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নাই। যেখানে পুরো জাতি মানসিকভাবে বিপর্যস্ত, ঢাকার শিক্ষার্থীরা দুর্ঘটনার কারণে মানসিকভাবে বিপর্যস্ত, সেখানে পরের দিন একটা পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে রাতের ৩টা বেজে যাচ্ছে। 

“উপদেষ্টারা দায়িত্বশীল আচরণ করলে এমন পরিস্থিতি তৈরি হতো না।”

সরকার সঠিক সময়ে সঠিক তথ্য প্রকাশেও ব্যর্থ হয়েছে এবং সেই কারণে পরিস্থিতি ঘোলাটে হয়েছে বলে মনে করেন এনসিপি আহ্বায়ক।

“গতকাল রাত থেকে লাশ গুম করার প্রচারণা আমরা দেখছি। সরকারের জায়গা থেকে এ নিয়ে সঠিক বক্তব্য আসা উচিত ছিল। ওই সময় সেখানে কতজন শিক্ষক, শিক্ষার্থী, কর্মী ছিলেন তার তথ্য দ্রুত প্রকাশ করা উচিত। কতজন হতাহত আছেন এই তথ্যটা নিয়মিত হালনাগাদ করা উচিত। যাতে এই ধরনের কোনো গুজব না হয় এবং বিভিন্ন জায়গা থেকে লাশ গুম করার ঘটনা আসলেই যেন না ঘটে থাকে। 

তিনি জোর দিয়ে বলেন, “সরকারকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে এবং ব্যাপক প্রচার করতে হবে।

“পুরা ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কেন এই ধরনের বিমান দুর্ঘটনা ঘটল। সরকার এবং সরকারের বাইরের বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত করা উচিত। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য উদ্ধারকারী দল ও মেডিকেল টিম গঠনে পদক্ষেপ নেওয়া উচিত।”

উদ্ভুত পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যাতে সুবিধা নিতে না পারে সে ব্যাপারে সরকারকে সতর্ক করেন নাহিদ। এর কারণ তুলে ধরে তিনি দাবি করেন, “আজকে সচিবালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কাউকে কাউকে দেখা গেছে। আওয়ামী লীগের সামাজিক মাধ্যম পেইজগুলো থেকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।” 

সরকার দায়িত্বশীল আচরণ করলে এমন পরিস্থিতি হত না মন্তব্য করে এনসিপি আহ্বায়ক বলেন, “সরকার যেন দায়িত্বশীল আচরণ করে এবং দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে।”

দীর্ঘমেয়াদে পুনর্বাসন পরিকল্পনা দাবি 

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার পাশাপাশি দীর্ঘ মেয়াদে পুনর্বাসন পরিকল্পনা তৈরি করতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

সংবাদ সম্মেলনে জারা বলেন, “বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিত করাই অগ্রাধিকার হওয়া উচিত। আহত, নিহত  ও নিখোঁজদের তালিকাটা সবার আগে প্রস্তুত করতে হবে। একটা রিয়েল টাইম পাবলিক ড্যাশবোর্ড যেন থাকে।

“আজকে আইএসপিআর এর বিবৃতিতে দেখলাম ৩১ জন নিহত কিন্তু আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে ২৯ জন নিহত। এরকম সমন্বয়ের অভাব যেন না হয়। রিয়েল টাইম ডেটা দেওয়া উচিত।”

দীর্ঘমেয়াদে পুনর্বাসনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “যথাযথ চিকিৎসার জন্য ভুক্তভোগীদের ‘মেন্টাল হেলথ কাউন্সিলিং’ প্রয়োজন। ছোট ছোট বাচ্চাদের সারাটা জীবন পড়ে আছে। তাদের দীর্ঘমেয়াদে পুনর্বাসনের জন্য একটা পরিকল্পনা থাকা প্রয়োজন। 

“সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টিম গঠন করতে হবে। যাতে চিকিৎসা আর পুনর্বাসন নিয়ে কোনো আমলাতান্ত্রিক জটিলতা না হয়। কোনো কারণে যেন চিকিৎসা আটকা না থাকে।”

হাসপাতালে ভিড় না করার আহ্বান জানিয়ে জারা বলেন, “পোড়া রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে আমরা যেন হাসপাতালে ভিড় না করি। ভিড় করলে সংক্রমণ এবং তা থেকে মৃত্যু ঝুঁকি বাড়ে।”

উদ্ধার তৎপরতার সমালোচনা করে তিনি বলেন, “এই ধরনের জরুরি পরিস্থিতিতে চিকিৎসা ব্যবস্থা কীভাবে চলবে তার একটা রোডম্যাপ আমাদের নেই। গতকাল উদ্ধার তৎপরতার সময় একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঘটনাস্থলে ছিল না। আক্রান্তরা কীভাবে হাসপাতালে যাবে তার নির্দেশনা ছিল না। হাসপাতালে পৌঁছার আগেই যে চিকিৎসাগুলো দেওয়া সম্ভব সেগুলো দেওয়ার উপায় ছিল না।”

মাইলস্টোন স্কুলে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় পদযাত্রা পূর্বঘোষিত কর্মসূচি থাকলেও তা সংক্ষিপ্ত করে ঢাকায় চলে আসেন এনসিপি নেতারা। 

দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, “দুর্ঘটনার পর থেকে এনসিপির ঢাকা মহানগর ও যুবশক্তির নেতারা নানাভাবে সহযোগিতা নিয়ে হাজির হয়েছে। মেডিকেল টিম গঠন করেছি। কুইক রেসপন্স টিম গঠন করেছিলাম।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-এনসিপি নেতা সাইফুল্লাহ হায়দার, মশিউর রহমান, এসএম শাহরিয়ার, সানাউল্লাহ।