১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোরের আদলে সাইট বানিয়ে ফের ‘ভুয়া খবর’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেছেন, “আমাদের লোগো ব্যবহার করে বার বার এরকম জালিয়াতি করা হচ্ছে। এ বিষয়ে আমরা ব্যবস্থা নেব।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2026, 07:15 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে আদলে পেইজ খুলে সাবেক গভর্নর আতিউর রহমানের নামে এক ভুয়া সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে।

কথিত এ সাক্ষাৎকারে আতিউর রহমানের নতুন এক প্রকল্পের নামে বিনিয়োগ প্ল্যাটফর্ম চালুর ভুয়া খবর দেওয়া হচ্ছে, যার সঙ্গে দেশের দুটি বেসরকারি ব্যাংক ও দুটি তথ্যপ্রযুক্তি কোম্পানির নামও জড়ানো হয়েছে।

বলা হচ্ছে, বৈশ্বিক স্বীকৃত একটি ব্র্যান্ড বাংলাদেশে প্লাটফর্মটি চালু করেছে, যাতে ন্যূনতম বিনিয়োগের মাধ্যমে প্রতি সপ্তাহে ৮ লাখ টাকা ‘নিশ্চিত আয়ের প্রতিশ্রুতি’ দেওয়া হচ্ছে! 

কথিত সাক্ষাৎকারে আতিউর রহমান বলছেন, এ প্ল্যাটফর্মের মাধ্যমে ভালো বাসস্থান, উচ্চ মানের শিক্ষা এবং উন্নত চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে। বর্তমানে এতে নাম লেখাতে ১৮ হাজার ৫০০ টাকা প্রাথমিক বিনিয়োগ প্রয়োজন। তবে চাহিদা বেশি হওয়ায় শিগগিরই এ ‘প্রাথমিক বিনিয়োগের’ পরিমাণ ৭৪ হাজার টাকায় উন্নীত করা হতে পারে।

এ কারণে যত দ্রুত সম্ভব, বিনিয়োগ করতে আতিউর রহমান পরামর্শ দিচ্ছেন বলে দাবি করা হয়েছে সেখানে।

কথিত বিনিয়োগকারী মোহাম্মদ রহমানের বক্তব্য জুড়ে দেওয়া হয়েছে সাক্ষাৎকারে।

একই প্রতিবেদনে কথিত বিনিয়োগকারী মোহাম্মদ রহমানের বক্তব্য তুলে ধরা হয়েছে। যেখানে তিনি বলেছেন, মনে ‘সন্দেহ’ নিয়েই তিনি সাড়ে ১৮ হাজার টাকা বিনিয়োগ করেন। এরপর পাঁচ দিনের মধ্যে তার ব্যালেন্স বেড়ে ৮ লাখ ১,২৩৩ টাকায় পৌঁছায়।

কথিত এ প্রতিবেদনে দাবি করা হচ্ছে, বিনিয়োগ প্ল্যাটফর্মে দেখভাল করছে অর্থ মন্ত্রণালয়, যাতে সম্পদের নিরাপত্তা এবং বিনিয়োগকারীদের অধিকার সুরক্ষিত থাকে।

মন্ত্রণালয়ের বরাতে বলা হচ্ছে, প্লাটফর্মটিতে পাঁচ হাজার জনের বিনিয়োগের সুযোগ রয়েছে, যার মধ্যে বর্তমানে ৯৬৪টি আসন খালি রয়েছে। যদিও এ প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে, ইতোমধ্যে ১০ হাজারের বেশি বাংলাদেশি আতিউর রহমানের কথিত প্রকল্পের সুফল ভোগ করেছেন।

পেইজটির যে কোনো অংশে ক্লিক করলে প্রতিবেদনের নিচের অংশে ‘রেজিস্ট্রার নাউ’ অংশে নেওয়া হচ্ছে। যেখানে চাওয়া হচ্ছে নাম, মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেন, “দেখেই বোঝা যাচ্ছে এরা আর্থিক খাতের জালিয়াত চক্র। আমাদের লোগো ব্যবহার করে জালিয়াতি করছে। এমনকি অর্থ মন্ত্রণালয়, দেশের দুটি ব্যাংক ও দুটি আইটি কোম্পানির নাম ও লোগোও তারা ব্যবহার করছে।”

প্রতিবেদনের নিচে ‘Conversation’ অংশ জুড়ে দিয়ে সেখানে বিভিন্ন নামে মন্তব্য করা হয়েছে। তার মধ্যে আরিফুল আশরাফ নাম দিয়ে বলা হচ্ছে, “অবশেষে আমি একটি নতুন গাড়ি কিনতে পেরেছি! এটা যেন বাস্তব জীবন নয়, একেবারে স্বপ্নের মতো…”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুখপাত্র বলেন, “আমাদের সাইটে প্রতিবেদনের নিচে মন্তব্যের কোনো অপশন নেই। প্রতারক চক্র বিশ্বাস অর্জনের জন্য নিজেরাই প্রশ্ন ছুড়ে নিজেরাই উত্তর দিয়েছে, যেন মুনাফার টাকায় গাড়ি কেনার মত মন্তব্যে কেউ প্রলুব্ধ হয়।”

ওই ভুয়া সাক্ষাৎকার ফেইসবুকে স্পন্সর্ড পোস্ট হিসেবে ছড়ানো হচ্ছে।

আর যে ভুয়া সাক্ষাৎকার প্রচারের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ইংরেজি সংস্করণের আদলে যে ওয়েবসাইট বানানো হয়েছে, সেখানেও আছে অসঙ্গতি। সবার উপরে বাঁ পাশে তারিখের জায়গায় লেখা হয়েছে November 24, 2025।

স্ক্যামাররা bdnews24.com লোগো ব্যবহার করলেও ইউআরএলে দেখাচ্ছে https://amazonsncx.com/। ডোমেইন সংক্রান্ত তথ্যের ওয়েবসাইট ‘হু ডট ইজ’ বলছে, amazonsncx.com ডোমেইন নামটি গত বছরের ৬ অক্টোবর নিবন্ধন করা হয়েছে, মেয়াদ আছে এক বছর। 

কোন কোম্পানির মাধ্যমে নিবন্ধন করা হয়েছে, সে তথ্য গোপন রাখা হয়েছে। ঠিকানার ঘরে লেখা হয়েছে, Reykjavik, Capital Region IS।

এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মত সাইট বানিয়ে প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং অভিনেত্রী সাদিয়া আয়মান ছাড়াও ব্যবসায়ী মুসা বিন শমসের এবং সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানকে জড়িয়ে ভুয়া প্রতিবেদন ছড়ানো হয়। প্রত্যেকবার একেক ফেইসবুক পেইজ থেকে সেগুলো শেয়ার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেছেন, “আমাদের লোগো ব্যবহার বার বার এরকম জালিয়াতি করা হচ্ছে। এ বিষয়ে আমরা ব্যবস্থা নেব।”