Published : 03 Aug 2025, 12:38 AM
জুলাই আন্দোলনে পুলিশ হত্যাকারীদের দায়মুক্তি না দেওয়াসহ ১১টি সুপারিশ সম্বলিত যে চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেটাকে ‘ভুয়া’ বলেছে পুলিশ সদর দপ্তর।
শনিবার রাতে পাঠানো এক বার্তায় পুলিশ সদর দপ্তর বলছে, "সম্প্রতি পুলিশ সদর দপ্তরের নামে একটি ভুয়া চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন মাধ্যমে প্রচারিত হচ্ছে। চিঠিতে পুলিশ সদর দপ্তরের লেটারহেড ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।"
ওই চিঠি বাংলাদেশ পুলিশের কোনো দপ্তর থেকেই ইস্যু করা হয়নি দাবি করা হয় বার্তায়।
চিঠির বক্তব্যকে বানোয়াট, অনৈতিক ও পুলিশ সদর দপ্তরের নীতিমালার পরিপন্থি দাবি করে বার্তায় বলা হয়, চিঠিতে স্বাক্ষরকারী হিসেবে যার নাম দেওয়া হয়েছে, তিনি উল্লিখিত শাখাতেই কর্মরত নন।
এ ধরনের ভুয়া চিঠি তৈরি বা প্রচারে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বার্তায় হুঁশিয়ারি দেওয়া হয়।
পুলিশ সদর দপ্তরের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং শাখার এআইজি মেনহাজুল আলমের নামে ছড়িয়ে পড়া ওই পত্রের শিরোনামে লেখা রয়েছে, 'বিশেষ বিবেচনাধীন পত্র’। তারিখ দেওয়া আছে ৩১ জুলাই।
চিঠিতে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ও জুলাই সনদের কথা তুলে ধরে ১১টি সুপারিশ বাস্তবয়নে ‘যথাযথ কর্তৃপক্ষের’ কাছে অনুরোধ জানানো হয়।