১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অগাস্ট জুড়ে ঢাকায় পুলিশের ‘চিরুনি অভিযান’

“ঢাকা শহরে পতিত সরকারের অনেক নেতাকর্মীর পাঁচ/সাতটা করে ফ্ল্যাট রয়েছে, যেখানে নেতাকর্মীদের এনে রাখার ব্যবস্থা করা হয়। সেসব স্থানেও পুলিশের দৃষ্টি রয়েছে,” বলেন উপকমিশনার মাসুদ।

অগাস্ট জুড়ে ঢাকায় পুলিশের ‘চিরুনি অভিযান’
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2025, 05:52 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

তুমুল গণআন্দোলনে সরকার ক্ষমতার পালাবদলের ঘটনাবহুল অগাস্ট মাসে ‘নাশকতার শঙ্কায়’ রাজধানী ঢাকায় ‘চিরুনি অভিযান’ চালানোর কথা বলছে পুলিশ।

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেছেন, “এ মাসকে কেন্দ্র করে অনেকের মধ্যে আশঙ্কা আছে। পত্রপত্রিয়ায় আশঙ্কা বা শঙ্কার কথা বলা হয়েছে।

“শঙ্কাগুলো নিয়ে কী হবে না হবে, এসব নিয়ে পুলিশ খুবই অ্যাকটিভ। আমাদের প্রত্যেকটা টিম প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিট কাজ করছে।”

‘র‌্যাব পরিচয়ে’ ডাকাতির এক ঘটনায় গেপ্তারের তথ্য জানাতে শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপকমিশনার মাসুদ আলম।

আওয়ামী লীগ সরকার পতনের বছরপূর্তির অগাস্ট মাসে ‘নাশকতার শঙ্কায়’ ঢাকায় দলটির নেতাকর্মীদের বাসাবাড়িতেও পুলিশের দৃষ্টি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই মন্তব্য করে এ পুলিশ কর্মকর্তা বলেন, “পতিত সরকারের অনেক নেতাকর্মীর ঢাকা শহরে পাঁচ/সাতটা করে ফ্ল্যাট রয়েছে, যেখানে নেতাকর্মীদের এনে রাখার ব্যবস্থা করা হয়। সেসব স্থানেও পুলিশের দৃষ্টি রয়েছে।

“এ ছাড়া, আবাসিক হোটেল, মেস ও বস্তি এলাকায় যেখানে এ ধরনের নাশকতার তৎপরতা চলতে পারে, এমন প্রত্যেকটা জায়গায় পুলিশ কাজ করছে।”

উপকমিশনার মাসুদের ভাষ্য, “চিরুনি অভিযান চলছে। পুরো অগাস্ট মাসেই এটি চলবে।”

পুলিশের অভিযানে প্রতিদিনই ধরপাকড় চলছে জানিয়ে তিনি বলেন, “যখনই ধরতেছি, সে যদি জাতীয় পরিচয়পত্র না দেয় বা তথ্য গোপন করে, এমন প্রতিদিনই ধরতেছি।

“আমি কেন আসছি যদি জবাব দিতে না দিতে পারি, তাহলে নিশ্চই আমার মধ্যে সমস্যা আছে।”

সংবাদ সম্মেলনে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক প্রশ্নের জবাবে বলেন, “কোনো নিরাপত্তা শঙ্কা নেই।”