‘ঘুষ নেওয়া’ বিআইডব্লিউটিএ’র ২ কর্মকর্তা বরখাস্ত
তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
ঠিকাদারের কাছে থেকে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ ওঠার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তারা হলেন- নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক (মেরিন) মো. আব্দুর রহিম এবং উপপরিচালক মো. ওবায়দুল করিম খান।
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের নির্দেশে তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়ার তথ্য দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাময়িক বরখাস্তের পাশাপাশি এ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
এতে বলা হয়, নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেওয়ার বিনিময়ে এই দুই কর্মকর্তার উৎকোচ লেনদেন সংক্রান্ত একটি ঘটনা নৌপরিবহন মন্ত্রণালয়ের নজরে আসার পর এমন পদক্ষেপ নেওয়া হয়।
জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে এবং জড়িত অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
