Published : 09 Jul 2026, 07:38 PM
সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল নিশ্চিত করতে সায়েদাবাদের বাস কাউন্টারগুলো আগামী ১৫ জুলাইয়ের মধ্যে টার্মিনালের ভেতরে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বৃহস্পতিবার টার্মিনাল পরিদর্শন করে এ নির্দেশ দেন। এসময় টার্মিনাল এলাকায় উচ্ছেদ অভিযানও তদারকি করেন তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, টার্মিনালে যানবাহন চলাচল আরো সুশৃঙ্খল করতে প্রবেশ ও প্রস্থানের পথে দুটি করে মোট চারটি নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা করা হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী কাউন্টারগুলো টার্মিনালের ভেতরে নিতে হবে।
“পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “সায়েদাবাদকে শুধু ‘সিটি টার্মিনাল’ হিসেবে রাখা হবে। আন্তঃজেলা বাস কাঁচপুরে স্থানান্তর করা হবে। পাশাপাশি গুলিস্তান থেকেও টার্মিনাল সরিয়ে কেরাণীগঞ্জে নেওয়া হবে।”
আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।