Published : 10 Sep 2025, 05:09 PM
নেপালে সরকারবিরোধী সহিংস বিক্ষোভের মধ্যে কাঠমান্ডুতে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার ‘সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে’ বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
প্রধান উপদেষ্টার দপ্তর ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সক্রিয়ভাবে কাজ করছেন বলেও মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে।
বুধবার এক তথ্য বিবরণীতে মন্ত্রণালয় বলেছে, “নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার।
“দলের নিরাপত্তা ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
“প্রধান উপদেষ্টার দপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দলের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সক্রিয়ভাবে কাজ করছেন।”
মঙ্গলবার প্রধান উপদেষ্টা দপ্তর জানিয়েছিল, কাঠমান্ডুতে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার ‘সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে’।
জেন-জিদের সহিংস বিক্ষোভে নেপালের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছেন। দেশটির পার্লামেন্ট ভবন ও মন্ত্রীদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। সহিংস বিক্ষোভ ছড়িয়েছে গোটা নেপালে।
সংঘাতের মধ্যে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অনুকূল পরিস্থিতি না থাকায় বিমানের একটি ফ্লাইট মঙ্গলবার কাঠমান্ডু গিয়েও সেখানে নামার অনুমতি পায়নি। পরে সেটি ঢাকায় ফিরে আসে।
ত্রিভুবন বিমানবন্দরে সবরকম উড়োজাহাজ উঠানামা বন্ধ করে দেওয়ার কারণে ঢাকা থেকে কাঠমান্ডুগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। একই কারণে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার ফ্লাইটও বাতিল হয়েছে।