Published : 24 Feb 2026, 07:45 PM
নানা সময় নানা কারণে বাতিল হওয়া প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করার সুযোগ দিয়েছে সরকার।
মঙ্গলবার এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, যাদের কার্ড বাতিল হয়েছে, তারা প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা ২০২৫ অনুযায়ী পুনর্বিবেচনার জন্য প্রেস অ্যাক্রেডিটেশন আপিল কমিটি বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে পারেন।
নির্ধারিত আবেদন ফরম তথ্য অধিদফতরের ওয়েবসাইট (pressinform.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে।
এর আগে আওয়ামী লীগ সরকারের প্রতি ‘অতিমাত্রায় অনুগত্য’ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘বিতর্কিত ভূমিকার’ অভিযোগে বিভিন্ন সংবাদমাধ্যমে নেতৃস্থানীয় পদে থাকা কয়েক ডজন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে অন্তর্বর্তী সরকার।
তাদের কার্ড বাতিল করার কারণ সুনির্দিষ্ট করে সেসময় বলা হয়নি। প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা ২০২২ এর ৬.৯, ৬.১০, ৯.৫, ৯.৬ অনুচ্ছেদের আলোকে তাদের কার্ডগুলো বাতিল করার কথা বলা হয়েছিল।
এরপর গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে কর্মরত দেশি-বিদেশি সংবাদ প্রতিষ্ঠানের সাংবাদিকদের জন্য নতুন প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা জারি করে অন্তর্বর্তী সরকার। নীতিমালা অনুযায়ী নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড পান সাংবাদিকরা।
অন্তবর্তী সরকারের সময়ে কার্ড বাতিল হওয়া সংবাদকর্মীরাও নতুন করে আবেদন করতে পারবেন কিনা জানতে চাইলে পিআইডির একজন কর্মকর্তা মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে কী হয়েছে, সেটা কথা না। এখন কার্ড বাতিল হওয়া সবাই আবেদন করতে পারবেন। এরপর যাচাই-বাছাই শেষে উপযুক্ত যারা, তারা অ্যাক্রেডিটেশন কার্ড পাবেন।”
পুরোনো খবর