১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বারিধারায় পুলিশের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত

কাউসার আহমেদকে নিরস্ত্র করে পুলিশ হেফাজতে নেওয়ার কথা বলেছেন গুলশান থানার ওসি মাজহার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 12:19 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তাকর্মীদের কক্ষে পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

শনিবার মধ্যরাতে এলোপাতাড়ি গুলির এ ঘটনার সময় পথচারী জাপান দূতাবাসের এক গাড়ি চালকেরও আহত হওয়ার তথ্য দিয়েছেন গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম।

তিনি বলেন, রাত পৌনে ১২টার দিকে ফিলিস্তিন দূতাবাসের উত্তর পাশের গার্ডরুমে কনস্টেবল কাউসার আহমেদের এলোপাতাড়ি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।

এ সময় জাপান দূতাবাসের একজন গাড়িচালক সাজ্জাদ হোসেন শাহরুখ গুলিবিদ্ধ হন। তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসির প্রাথমিক ধারণা, মানসিক ভারসাম্য হারিয়ে ওই পুলিশ সদস্য এ ঘটনা ঘটায়।

ওসি মাজহার বলেন, কাউসার আহমেদকে নিরস্ত্র করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।