২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

বিদেশ যেতে চান হানিফের ভায়রা, মেলেনি অনুমতি

“হানিফের ভায়রা হিসেবে ক্ষমতার অপব্যবহার করে এয়ারপোর্টসহ বিভিন্ন দপ্তরে টেন্ডারবাজি, পুলিশ এবং প্রশাসনে বদলি ও পদোন্নতি বাণিজ্য, ভ্যাকসিন বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 02:51 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

বিদেশ যেতে চান অ্যালায়েন্ট এনার্জি সল্যুউশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের ভায়রা কাজী হাসান শরীফ। তবে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত চলমান থাকায় তার বিদেশযাত্রায় আদালতের অনুমতি মেলেনি। 

আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ শুনানি নিয়ে তা নাকচ করে দেন।

দুদক প্রসিকিউটর তরিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,"কাজী হাসান শরীফের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত। তবে তিনি বিদেশে যেতে চান। আজ শুনানি হয়েছে। আদালত আবেদন নামঞ্জুর করেছেন।"

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, হাসান শরীফ বিদেশ যেতে অনুমতি চেয়ে আবেদন করেন। গত ১০ জানুয়ারি এ বিষয়ে শুনানি হয়। আদালত তদন্তের বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলেন। এ বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদনে আমিনুল ইসলাম  বলেন, “হাসান শরীফের বিরুদ্ধে অবৈধভাবে প্রায় ২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে হাসান শরীফের স্বনামে ও তার উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে, বেনামে দেশে-বিদেশে সম্পদের মালিকানা থাকার সম্ভাবনার বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য তার এবং তার স্ত্রী ও কন্যাদের নামে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) বিভিন্ন দপ্তরে অধিযাচনপত্র প্রেরণ করা হয়েছে তার মধ্যে কয়েকটি দপ্তর হতে অধিযাচনপত্রের জবাব পাওয়া গিয়েছে। 

“অনুসন্ধানকালে জানা যায়, তার তিন কন্যা যুক্তরাষ্ট্রে অবস্থান করেন ও যুক্তরাষ্ট্রের নাগরিক। এছাড়াও তার বিরুদ্ধে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের ভায়রা হিসেবে ক্ষমতার অপব্যবহার করে এয়ারপোর্টসহ বিভিন্ন দপ্তরে টেন্ডারবাজি, পুলিশ এবং প্রশাসনে বদলি ও পদোন্নতি বাণিজ্য, ভ্যাকসিন বাণিজ্যসহ নানাবিধ অভিযোগ রয়েছে। বিভিন্ন কোম্পানির তথ্য ব্যবহার করে তিনি বিদেশে অর্থ পাচার করেছেন মর্মে অভিযোগ রয়েছে। তার নামে মালয়েশিয়ায় সেকেন্ড হোমসহ যুক্তরাষ্ট্র, কানাডা ও সিংগাপুরে অঢেল সম্পদ রয়েছে মর্মে অভিযোগ রয়েছে।”

প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চলমান রয়েছে, তা শেষ না হওয়া পর্যন্ত কাজী হাসান শরীফের বিদেশ যাত্রা বন্ধ করা প্রয়োজন বলে প্রতিবেদনে বলেছেন তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।