Published : 15 Aug 2026, 06:39 PM
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উদযাপনে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
লালবাগ কেল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৯ অগাস্ট এ উৎসব উদ্বোধন করবেন।
শনিবার ডিএসসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে বলেছে, ১ অগাস্ট থেকে শুরু হওয়া উৎসব চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২৯ অগাস্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নে পরিচ্ছন্নতা, মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করবেন।
নগরবাসীর মধ্যে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা, নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করতে এ আয়োজন, বলছে ডিএসসি।
মাসব্যাপী উৎসবে যা থাকছে
নাট্যোৎসব ও চলচ্চিত্র প্রদর্শনী: ১৬-২২ অগাস্ট সূত্রাপুরে মঞ্চ নাটক এবং ২২ অগাস্ট মধুমিতা সিনেমা হলে ঢাকা নিয়ে নির্মিত পুরনো চলচ্চিত্র প্রদর্শন।
নৌকাবাইচ ও ক্রুজ ভ্রমণ: ২১ অগাস্ট বুড়িগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও সদরঘাটে হেরিটেজ ক্রুজে ভ্রমণের কর্মসূচি রয়েছে।
শোভাযাত্রা: ২৮ অগাস্ট লক্ষ্মীবাজার থেকে নগর ভবন পর্যন্ত ঘোড়ার গাড়ি, রিকশা ও পালকি নিয়ে শোভাযাত্রা হবে।
অন্যান্য কর্মসূচি: লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব ও কাওয়ালি হবে ৩০ অগাস্ট। ‘লাভ লেটার টু ঢাকা’ কর্মসূচি এবং পুরান ঢাকার পঞ্চায়েতি আড্ডা হবে ৫ সেপ্টেম্বর।