০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ফখরুল

প্রবাসী ভোটারদের আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটের আওতা বাড়াতে কাজ চলছে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2026, 03:07 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ‘সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে’ আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের বিএনপির সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

ফখরুল বলেন, “পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।”

এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মত আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন।

আগামী জাতীয় নির্বাচনেও এই উদ্যোগ অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এ পদ্ধতির আওতায় আনতে কমিশন কাজ করছে।

গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল বলেন, এই মুহূর্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীনে নির্বাচিত কোনো জেলার সংসদ সদস্যরা ওই জেলার জেলা পরিষদের উপদেষ্টা হবেন এবং পরিষদের কার্যাবলি সম্পাদনে পরামর্শ দেবেন।