Published : 29 Apr 2026, 08:53 PM
রোহিঙ্গা সংকট মোকাবেলায় ১ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার সহায়তার আশ্বাস দিয়েছে জাপান।
জাপানের বিশেষ দূত কৃষিমন্ত্রী সুজুকি নরিকাজুর নেতৃত্বে বুধবার দেশটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিশ্রুতি দেয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এ বৈঠকে তারেক রহমান রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের ওপর জোর দেন।
বৈঠকে জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, মেট্রোরেল প্রকল্প এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত ও নির্বিঘ্নভাবে শেষের বিষয়েও দেশটির প্রতিনিধিরা গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী এই বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন৷
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, কৃষিমন্ত্রী আমিন উর রশীদ, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং ঢাকায় জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যাওয়া, অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি কার্যকরভাবে এগিয়ে নেওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সুজুকি নরিকাজু বাংলাদেশে তাদের খাদ্যপণ্যের রপ্তানি বাড়ানো এবং কৃষি ও প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণে জাপান সরকারের আগ্রহ প্রকাশ করেন।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ ও জাপান দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হলো তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি।”
এ লক্ষ্যে কৃষিখাত, ইলেকট্রনিকস ও অটোমোবাইল খাতে জাপানের বিনিয়োগ বাড়ানোর আহ্বান করেন তিনি।
তারেক রহমান জাপানে বাংলাদেশি জনশক্তি রপ্তানির বিষয়েও আগ্রহ প্রকাশ করেন। স্বাস্থ্য সেবা ও কৃষি খাতে দক্ষ জনবল পাঠানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
জাপানি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর এসব প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে জাপান সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানানো এবং তাকে জাপান সফরের আমন্ত্রণ জানান তারা।