Published : 12 Feb 2025, 07:56 PM
জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ ফোন করে এক নারী রাজধানীর পশ্চিম নাখালপাড়ার একটি বাসায় ইয়াবা থাকার তথ্য দেন।
পরে পুলিশ ওই বাসায় গিয়ে একটি ব্যাগ থেকে ১৪টি ইয়াবা উদ্ধার করে। সেসময় ওই বাসার গৃহকর্ত্রীর আচরণে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, পারিবারিক বিবাদের জের ধরে স্বামীকে ফাঁসাতে তিনি নিজেই ওই ১৪টি ইয়াবা সেখানে রেখে ৯৯৯ এ ফোন করেছিলেন।
বৃহস্পতিবার রাতের এ ঘটনায় ওই নারী রুমা আক্তার (৩০) এবং তার কাছে ইয়াবা বিক্রির অভিযোগে জাকির (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি মো. মহসিন।
ওসি বলেন, ১২ বছর আগে প্রবাসে কর্মরত কাওছারের সঙ্গে রুমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগেই ছিল। তারা উভয়েই পরস্পরের বিরুদ্ধে ‘পরকীয়ার’ অভিযোগ করেন। পারিবারিক অশান্তির মুখে কাওছার বিদেশ থেকে এসে ঢাকায় একটি রেস্তোরাঁয় চাকরি নেন। কিন্তু তাতেও সংসারে শান্তি ফেরেনি, তাদের বিবাদ আরও বেড়ে যায়।
রুমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওসি বলেন, বোনকে টাকা দেওয়ার কথা বলে স্বামী কাওছারের কাছ থেকে টাকা নেন রুমা। সেই টাকা দিয়ে জাকিরের কাছ থেকে ১৪ টি ইয়াবা কিনে শোয়ার ঘরে একটি ব্যাগে ঢুকিয়ে ৯৯৯ এ ফোন করেন।
রুমার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে জাকিরকে গ্রেপ্তারের কথা বলেন ওই পুলিশ কর্মকর্তা।