Published : 15 Jun 2026, 06:10 PM
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ মোকাবিলায় গঠিত জাতীয় কমিটি পুনর্গঠন করেছে সরকার।
সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীকে সভাপতি ও প্রতিমন্ত্রীকে সহসভাপতি করে ৩১ সদস্যের উচ্চপর্যায়ের এই কমিটি পুনর্গঠন করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের পরিপত্র অনুযায়ী, কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এ বিভাগের সিনিয়র সচিব বা সচিব। সদস্য হিসেবে রয়েছেন ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি মেয়র বা প্রশাসকদের।
সদস্য হিসেবে আরো রয়েছেন—মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিবরা।
পাশাপাশি দেশের সকল ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, রাজউক চেয়ারম্যান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক এবং দেশের সকল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তারা এই কমিটির সদস্য হিসেবে থাকবেন।
বিশেষজ্ঞ পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যান্টোমলজি বিভাগের চেয়ারম্যান এবং নিপসম এর অ্যান্টোমলজি বিভাগের প্রধানকেও কমিটিতে যুক্ত করা হয়েছে।
এর আগে গত বছরের ২৭ মে এক পরিপত্রে ডেঙ্গু প্রতিরোধে এই কমিটি গঠন করা হয়েছিল। নতুন পরিপত্রে কমিটির সুনির্দিষ্ট কিছু কার্যপরিধি ঠিক করে দেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে দেশজুড়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং গৃহীত ও বাস্তবায়িত কার্যক্রম পর্যালোচনা, মূল্যায়ন, তদারকি ও সমন্বয় করা, প্রয়োজনীয় গবেষণা পরিচালনা এবং জাতীয় নীতিমালা বা কৌশলপত্র প্রণয়ন ও হালনাগাদ করা, প্রয়োজন অনুযায়ী অন্যান্য কার্যক্রম গ্রহণ এবং বছরে অন্তত চারটি সভা আয়োজন করা।
কমিটি চাইলে প্রয়োজনে অতিরিক্ত সদস্য নিতে পারবে।
আরো পড়ুন-