সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর মৃত্যু
এ জে মোহাম্মদ আলী ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী মারা গেছেন; তার বয়স হয়েছিল ৭৩ বছর।
বৃহস্পতিবার দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব অ্যাডভোকেট কায়সার কামাল জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টায় মারা যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টমণ্ডলীর সদস্য এই জ্যেষ্ঠ আইনজীবী।
সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এ জে মোহাম্মদ আলী ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের দ্বাদশ অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাবা এম এইচ খন্দকার ছিলেন বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল।
১৯৮০ সালে হাই কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এ জে মোহাম্মদ আলী। ২০০১ সালের ২৩ অক্টোবর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং ২০০৫ সালে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পান। ২০০৭ সালের ২৪ জানুয়ারি তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে ইস্তফা দেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী পর্ষদের চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন এ জে মোহাম্মদ আলী।
মরদেহ দেশে ফিরিয়ে আনার পর আগামী শনিবার জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং আসরের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা হবে।
স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন তিনি।
