১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

“আমরা বিশ্বাস করি, বিচার বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনআস্থা বজায় রাখতে গণমাধ্যমের অবাধ ও দায়িত্বশীল উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2026, 01:17 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

সঠিক সংবাদ সংগ্রহ করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে ফের চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।

বুধবার এসআরএফের সভাপতি মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিগত প্রায় চার মাস ধরে বাংলাদেশের সব্বোর্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। 

যার কারণে সরাসরি এজলাস কক্ষে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ ও সঠিক সংবাদ সংগ্রহ করতে পারছেন না সাংবাদিকরা। 

“এতে করে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে জনগণকে যথাযথ ও নির্ভুল তথ্য প্রদান ব্যাহত হচ্ছে। আমরা বিশ্বাস করি, বিচার বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনআস্থা বজায় রাখতে গণমাধ্যমের অবাধ ও দায়িত্বশীল উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এজলাস কক্ষে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের সুযোগ না থাকলে অনেক ক্ষেত্রে তথ্যের ঘাটতি, বিভ্রান্তি কিংবা অসম্পূর্ণ সংবাদ পরিবেশনের আশঙ্কা তৈরি হয়, যা বিচার বিভাগের ভাবমূর্তির জন্যও অনুকূল নয় বলে চিঠিতে বলা হয়। 

এতে আরও বলা হয়, এ বিষয়ে আগেও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, সাংবাদিকরা শান্তিপূর্ণভাবে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছেন। কিন্তু এখনও কার্যকর কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

ঈদুল আযহার পর থেকে আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশের অনুমতি চেয়ে চিঠিতে বলা হয়, “ঈদুল আযহার পর থেকে আপিল বিভাগের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশের অনুমতি প্রদান করার জন্য আপনার সদয় নির্দেশনা একান্তভাবে কামনা করছি। অপসাংবাদিকতা রোধে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম আপনাকে সব ধরনের সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

চিঠিটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী গ্রহণ করেন। 

এ সময় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্য নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।