১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হজের সেরা ৩ গাইডের জন্য পুরস্কার ঘোষণা ধর্মমন্ত্রীর

“এ সরকারের অধীনে হজ ব্যবস্থাপনা যেন সুষ্ঠু ও সাবলীল হয়, সেজন্য সবাইকে শতভাগ আন্তরিক হতে হবে,” বলেন তিনি।

হজের সেরা ৩ গাইডের জন্য পুরস্কার ঘোষণা ধর্মমন্ত্রীর
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 07:51 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

চলতি বছর হজযাত্রীদের ‘সর্বোত্তম সেবা’ দেওয়া তিনজন গাইডকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করার প্রতিশ্রুতি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। 

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি।

রোববার ঢাকার আশকোনায় হজ অফিসের সম্মেলনকক্ষে বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ প্রশিক্ষণ আয়োজন করে।

সেখানে অনলাইনে যুক্ত হয় মন্ত্রী বলেন, “হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের খেদমত করতে পারা অত্যন্ত সৌভাগ্যের ও মর্যাদার। মাতাপিতার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে। হজযাত্রীদের রাজি-খুশি করাতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। আর হজযাত্রীদের যথাযথ সেবা না দিলে, তাদেরকে কষ্ট দিলে আল্লাহ ভয়ানক শাস্তি দেবেন।” 

তিনি হজযাত্রীদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ গাইডদের প্রতি অনুরোধ জানান। তিনি হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে শৈথিল্য বা উদাসীনতা পরিহারেরও অনুরোধ করেন।

মন্ত্রী বলেন, “বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। এ সরকারের অধীনে ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা যেন সুষ্ঠু, সাবলীল ও মসৃণ হয়, সে বিষয়ে সকলকে শতভাগ আন্তরিক হতে হবে।” 

এ সময় হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, যুগ্মসচিব মঞ্জুরুল হক, পরিচালক (হজ) মো. লোকমান হোসেন ও হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার উপস্থিত ছিলেন।