Published : 10 May 2026, 05:34 PM
ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে নিজস্ব ব্যবস্থাপনায় প্রাক-বর্ষা এইডিস মশার লার্ভা জরিপ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি।
জরিপ চলাকালে যেসব স্থানে লার্ভা বা ঝুঁকিপূর্ণ পরিবেশ পাওয়া যাবে, সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথাও বলেছে এই নগর সংস্থা।
রোববার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম নগর ভবনের বুড়িগঙ্গা হলে জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলে দক্ষিণ সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ দিন ধরে এই জরিপ চলবে। ৭৫টি ওয়ার্ডের প্রতিটি থেকে ৩০টি করে মোট ২ হাজার ২৫০টি বাড়িকে নমুনা হিসেবে গ্রহণ করা হয়েছে। জরিপে ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার মোট ৩৬ জন মাঠকর্মী অংশ নিচ্ছেন।

দক্ষিণ সিটি বলেছে, ডাটা সংগ্রহের নির্ভুলতা নিশ্চিত করতে আধুনিক ‘কবো টুলবক্স’ ব্যবহৃত হচ্ছে। জরিপ শেষে ব্রুটো ইনডেক্স, হাউস ইনডেক্স, কন্টেইনার ইনডেক্স এবং পিউপা ইনডেক্সের মাধ্যমে ফল প্রকাশ করা হবে, যা ভবিষ্যতে ডেঙ্গুর ‘হটস্পট’ চিহ্নিত করতে সহায়ক হবে।
উদ্বোধন অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম বলেন, “রোগের উৎপত্তিস্থল বা সোর্স সঠিকভাবে শনাক্ত করা গেলে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার আগেই তা অঙ্কুরেই বিনষ্ট করা সম্ভব হবে।”
মাঠ পর্যায়ের কর্মীদের কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “এটি মানুষের জীবন-মরণের প্রশ্ন। কোনো এলাকায় না গিয়ে মনগড়া রিপোর্ট দেওয়া হবে মানুষের জীবন নিয়ে খেলার শামিল।”
দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ার করে দেন প্রশাসক।
এরপর প্রশাসক ফুলবাড়িয়া মোড়ের কেন্দ্রীয় পশু হাসপাতালে জরিপ কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।