১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগও প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 05:12 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি বলেছেন, “গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি। মহান আল্লাহর নিকট তার সুস্থতা এবং একইসঙ্গে দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করি।”

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে রাষ্ট্রপতি গভীর উদ্বেগও প্রকাশ করেন বলে শনিবার তার সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেনের এক বার্তায় বলা হয়।

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ শুক্রবার জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

রোরবার ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা নিরীক্ষায় বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী সোমবার সাংবাদিকদের বলেছিলেন, “গত কয়েক মাস ধরেই উনি (খালেদা জিয়া) খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছিলেন। আজকে আমরা যে কারণে এখানে (এভারকেয়ার হাসপাতালে) ভর্তি করিয়েছি সেটা হচ্ছে যে, উনার কতগুলো সমস্যা একসাথে দেখা দিয়েছে। সেটা হচ্ছে, উনার বুকে সংক্রমণ হয়েছে।

“যেহেতু উনার হার্টের সমস্যা আগে থেকেই ছিল। উনার হার্টে স্থায়ী পেসমেকার আছে এবং হার্টে ওনার স্ট্যান্টিং (রিং পড়ানো) করা হয়েছিল, রিং পড়ানো হয়েছিল। হার্ট ও ফুসফুস দুটোই একসঙ্গে আক্রান্ত হওয়াতে উনার খুব শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা হচ্ছিল। সেজন্য এখানে (এভারকেয়ার হাসপাতালে) আমরা খুব দ্রুত উনাকে নিয়ে এসেছি।”