‘চোর’ বলে ঢাবির ২ শিক্ষার্থীকে পিটুনি, গ্রেপ্তার ৩
“দোকানির দাবি করা দাম দিতে আমরা রাজি না হলে তারা আপুর উদ্দেশে অরুচিকর মন্তব্যের মাধ্যমে যৌন হয়রানি করে,” বলেন এক শিক্ষার্থী।
রাজধানীর চাঁদনী চক শপিং কমপ্লেক্সে কয়েকজন দোকানির হাতে মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। পরে ওই বিপণিবিতান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে ‘জেসমিন ফেব্রিকস’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন- ২০২৩-২৪ সেশনের শাহেদুল ইসলাম ও আয়াজুর রহমান। তাদের দুজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে সেবা দেওয়া হয়েছে।
ঘটনার বর্ণনায় একই সেশনের শিক্ষার্থী ফারহান বলেন, “আমি, শাহেদুল, আয়াজ এবং সমাজকল্যাণ বিভাগের এক আপু ওই দোকানে কাপড় কিনতে যাই। কাপড় দামাদামি করার একপর্যায়ে দোকানির দাবি করা দাম দিতে আমরা রাজি না হলে তারা আপুর উদ্দেশে অরুচিকর মন্তব্যের মাধ্যমে যৌন হয়রানি করে।
“তখন আমরা প্রতিবাদ জানাতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দোকানের ম্যানেজার ও আশপাশের দোকানদাররা মিলে আমাদের চোর সম্বোধন করে আমাদের ওপর হামলা চালায়।”
ফারহান বলেন, এ সময় মাথায় ও পায়ে আঘাত পেয়ে শাহেদুল ও আয়াজ গুরুতর আহত হন। পরে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়া হয়।
শিক্ষার্থীদের ওপর হামলার খবর পেয়ে ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীসহ সতীর্থরা নিউ মার্কেট থানার সামনে বিক্ষোভ দেখান।
এ ঘটনায় রাতেই নিউ মার্কেট থানায় মামলা করেছেন শিক্ষার্থী শাহেদুল ইসলাম।
নিউ মার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক রাতে বলেন, “এরই মধ্যে মিলন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চারজনের নাম লিস্ট করা হয়েছে।
“ঘটনাস্থলে সিসি ক্যামেরা রয়েছে। ভিডিও বিশ্লেষণ করে দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।”
পরে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার সকালে জানিয়েছেন ডিউটি অফিসার এসআই মনিরুজ্জামান।
