১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রায়ের বাজারে অভিযান: ব্যাটারি রিকশার ৫ গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

“অভিযানে থাকা বিদ্যুৎ বিভাগের লোকজন সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 10:22 AM

Updated : 17 Sep 2026, 02:59 AM

অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধে ঢাকার রায়েরবাজার এলাকায় ব্যাটারি রিকশার বিভিন্ন গ্যারেজে যৌথ অভিযান চালিয়েছে বিদ্যুৎ বিভাগ, র‌্যাব ও পুলিশ।

রোববার রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত চলা এ অভিযানে পাঁচটি গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (মোহাম্মদপুর) জুয়েল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায়ের বাজার এলাকায় সাতটি রিকশার গ্যারেজে অভিযান চালানো হয়। এসব গ্যারেজে রিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়ে থাকে।”

এসব গ্যারেজের মধ্যে পাঁচটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ছিল জানিয়ে তিনি বলেন, “অভিযানে থাকা বিদ্যুৎ বিভাগের লোকজন সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।”

অভিযানের খবর পেয়ে অন্যরা পালিয়ে গেলে এক গ্যারেজ মালিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা জুয়েল রানা।

তিনি বলেন, “এই অভিযানের সময় গ্যারেজে থাকা হত্যা মামলার এক আসামিকেও গ্রেপ্তার করা হয়।”

পুলিশ বলছে, তারা অভিযানে গিয়ে জেনেছেন, রবিউল নামের এক ব্যক্তি এসব গ্যারেজে অবৈধ বিদ্যুত সংযোগ দিয়ে মাসে ২০ হাজার টাকা করে আদায় করে আসছিলেন।

অতিরিক্ত উপকমিশনার জুয়েল বলেন, স্থানীয় রিকশা গ্যারেজ মালিকরা বলছেন, রবিউল নিজেকে বিদ্যুৎ বিভাগের লোক বলে পরিচয় দিয়ে থাকেন। তবে অভিযানে থাকা বিদ্যুৎ বিভাগের লোকজন বলছেন, রবিউল নামে তাদের কেউ নেই।

এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানান তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান।

গত শনিবার মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, র‌্যাব প্রধান আহসান হাবীব পলাশ উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয়রা মোহাম্মদপুরের ব্যাটারি রিকশার গ্যারেজগুলোতে সন্ত্রাসীদের অবস্থান, চাঁদাবাজি, অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগ আনেন। এরপরই পুলিশ কমিশনার বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন। এর পরদিনই এ অভিযান পরিচালনা করা হল।